Sylhet Today 24 PRINT

বিয়ের প্রস্তাবের জন্য আস্ত একটি দ্বীপ ভাড়া!

স্পোর্টস ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৬

‘উইল ইউ ম্যারি মি’—হাঁটু গেড়ে বসা এই প্রস্তাবের জন্য প্রেমিক কত অদ্ভুত কাণ্ড করে! তবে গ্যারেথ বেল যা করেছেন, সেটা করার জন্য শুধু সাধ না, সাধ্যও প্রয়োজন। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আস্ত একটা দ্বীপ ভাড়া করার ক্ষমতা তো সবার থাকে না!

সেই ছোটবেলা থেকেই এমা রাইস জোন্সের সঙ্গে মন দেওয়া–নেওয়া। এরপর দুজন এক ছাদের নিচে বাস করছেনও অনেক দিন হয়ে গেল। দুজনের ঘর আলো করে দুটি কন্যাশিশুও এসেছে। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতাটা সারা হয়নি।

কিছুদিন আগেই দুজন বাগদান সেরে সম্পর্কটা আনুষ্ঠানিক রূপ দিয়েছেন। তার আগে রাইসকে প্রস্তাব দেওয়ার জন্য অভিনব একটা কাণ্ডই করেছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

পর্যটকদের তীর্থ স্পেনের ইবিজা দ্বীপের কাছেই আরেকটি দ্বীপ তোগোমাগো। ব্যক্তিমালিকানাধীন ওই দ্বীপে সবার প্রবেশের সুযোগও নেই। প্রেমিকাকে প্রস্তাব দেওয়ার জন্য সেটিই এক সপ্তাহের জন্য ভাড়া নিয়েছেন বেল। আরও একটা উপলক্ষ ছিল, নিজের ২৭তম জন্মদিনও উদযাপন করেছেন একই সঙ্গে।

সে জন্য ‘মাত্র’ সাড়ে চার লাখ ইউরো খরচ করতে হয়েছে বেলকে। চ্যাম্পিয়নস লিগ জেতানোর জন্য রিয়াল থেকে বোনাস হিসেবে ছয় লাখ ইউরো পেয়েছেন। আর নিজের উপার্জনও তো কম নয়। বেল তাই টাকাটা খরচ করতে দ্বিধা করেননি। প্রেমিকাকে প্রস্তাব দেওয়া নিয়ে কথা! আর এমা রাইস যে ‘হ্যাঁ’ বলেছেন, সেটা বলে না দিলেও চলে! চার কোটি টাকার খরচা তাই বৃথা যায়নি।
সূত্রঃ প্রথমআলো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.