Sylhet Today 24 PRINT

জিততে পারেনি নেইমারের ব্রাজিল

স্পোর্টস ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৬

অলিম্পিকে ফুটবলে স্বর্ণজয়ের মিশনে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে ব্রাজিল দল। নেইমারের মত তারকারা মাঠে থাকলেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

পাঁচবার বিশ্বকাপ ও তিনবার ফিফা কনফেডারেশন্স কাপ জিতলেও কখনও অলিম্পিক ফুটবলে সাফল্য পায়নি ব্রাজিল। সময়ের অন্যতম সেরা তারকা নেইমারের কাঁধে ভর করে দেশের মাটিতে সে শূন্যতা পূরণের স্বপ্ন দেখছে দেশের প্রতিটি মানুষ।
 
ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠেও ছিলেন স্বাগতিক অধিনায়ক ও প্রতিযোগিতার সবচেয়ে বড় তারকা নেইমার। কিন্তু দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিতে পারেননি এই বার্সেলোনা তারকা।
 
৫৯তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার মথোবি এমভালা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে সুযোগ তৈরি হয় ব্রাজিলের। কিন্তু অনেকটা সময় এক জন বেশি নিয়েও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি গাব্রিয়েল জেসুস-গাব্রিয়েল বারবোসারা।
 
ইরাক ও ডেনমার্কের মধ্যে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে।
 
এছাড়া ‘ডি’ গ্রুপে দিনের অন্য ম্যাচে হন্ডুরাস ৩-২ গোলে আলজেরিয়াকে হারিয়েছে।
 
আগামী রোববার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নেইমাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.