Sylhet Today 24 PRINT

ইতালিতে জঙ্গি হামলার পরিকল্পনা করছিলেন সাবেক ক্রিকেট অধিনায়ক!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৬

ইতালির অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেয়া পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক এক ক্রিকেটারের বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। তিনি ইতালিতে বড় নাশকতার পরিকল্পনাতেও ছিলেন।

আফতাব ফারুক নামের ইতালির যুব ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাকি ভক্ত ছিলেন ইসলামিক স্টেট (আইএস) এর। তাদের হয়ে হামলার পরিকল্পনাও করছিলেন। ব্যাপারটা টের পেয়ে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে সরকার।
এমন খবরই প্রকাশ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো জানিয়েছেন, ফারুক আইএস-এর সমর্থক। সিরিয়ায় গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়ার কথা ভাবছিলেন। মিলানের একটি পানশালা এবং উত্তর ইতালির বেরগামো বিমানবন্দরে জঙ্গি হামলা চালানো নিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলোচনাও করছিলেন ফারুক। তার প্রমাণ পাওয়া গেছে।

খবরে বলা হয়েছে কিংসগ্রোভ মিলানো ক্রিকেট ক্লাবের সভাপতি ফ্যাবিও মারাবিনি। এই ক্লাবেরই সাবেক অধিনায়ক ফারুক। ফ্যাবিও দীর্ঘদিন ধরেই ফারুককে চেনেন। তার মতে, ফারুক সবসময় অন্যদের সাহায্য করতেন। কখনো কারও ক্ষতি করেননি। আইএসে যোগ দেয়ার খবরে তিনি রীতিমতো হতবাক।

ফারুককে পাকিস্তানেই পাঠিয়ে দেয়া হয়েছে। ইসলামাবাদের উদ্দেশে বিমানে ওঠার আগেও ফ্যাবিওর সঙ্গে তার কথা হয়েছে। দীর্ঘদিন পাকিস্তানের সঙ্গে কোনও যোগাযোগ নেই ফারুকের। সেই কারণে তিনি উদ্বিগ্ন ছিলেন বলেও জানিয়েছেন ফ্যাবিও।

ক্রিকেট খেলা ছাড়াও একটি ক্রীড়া সরঞ্জাম বিক্রেতা সংস্থায় কাজ করতেন ফারুক। অবসরে স্নো-বোর্ডিং করতেন এবং প্রতিবন্ধীদের বাস চালাতেন।

ফারুকের পরিবারের লোকেরা অবশ্য তার বিরুদ্ধে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা ইউরোপের মানবাধিকার আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.