Sylhet Today 24 PRINT

পরের বিশ্বকাপ ১০দলে করার ইঙ্গিত দিলেন রিচার্ডসন

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৫

অনেক আলোচনা-সমালোচনার পর বিশ্বকাপ ক্রিকেটের দলসংখ্যা নিয়ে সবচেয়ে বাজে সিদ্ধান্ত নিতে যাচ্ছে আইসিসি। আগামি বিশ্বকাপ হবে ১০টি দল নিয়েই এমন সিদ্ধান্তের কথা জানালেন আইসিসির প্রধান নির্বাহি ডেভ রিচার্ডসন।

ক্রিকেটের বিশ্বায়ন নিয়ে সর্বত্র যখন আলোচনা হচ্ছিল এবং দল সংখ্যা বাড়িয়ে ক্রিকেটকে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্যে সাবেক ক্রিকেটারসহ ক্রিকেট পণ্ডিতেরা বলছিলেন তখন রিচার্ডসনের এই বক্তব্য তাদের পরামর্শকে সরাসরি প্রত্যাখ্যান করারই নামান্তর। ফলে সহযোগী দেশগুলোর বিশ্বকাপে সরাসরি খেলার পথটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বাড়ছে।

২০১৯ বিশ্বকাপ ১০ দল নিয়ে হবে কিনা তা নিশ্চিত করতে চলতি বছরের শেষ দিকে আলোচনায় বসবে আইসিসি। তবে ওই আলোচনায় আগের পরিকল্পনার খুব বেশি রদবদল হবে না বলেই জানান রিচার্ডসন।

এ মুহূর্তে ২০১৯ বিশ্বকাপের দল সংখ্যাতে কোনো পরিবর্তন আনলে বাছাই পর্বেও তার প্রভাব পড়বে এবং এ কারণে আগের সিদ্ধান্তে থেকে সরে আসার পরিকল্পনা ‍খুব একটা নেই বলেও জানান রিচার্ডসন।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডের র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপ খেলবে এবং বাকি দুই দলকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে বলে জানিয়েছিল আইসিসি। রিচার্ডসনের এবারের কথাতেও সংস্থাটির আগের অবস্থানে থাকার পরিস্কার ইঙ্গিত রয়েছে।

সহযোগী দেশগুলোর পাশাপাশি সাবেক ক্রিকেটারদের অনেকে আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করেন। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে আইসিসির দূত হিসেবে কাজ করা শচিন টেন্ডুলকার কিছুদিন আগে জানান, ক্রিকেটের বিস্তারে তিনি ২৫ দল নিয়ে বিশ্বকাপ চান।

রিচার্ডসন অবশ্য দাবি করেন, ক্রিকেটকে সর্বোচ্চ পর্যায়ে তুলতে চান তারা এবং এ কারণেই সিদ্ধান্তগুলো নিচ্ছে আইসিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.