Sylhet Today 24 PRINT

পদক হাতে পেয়েই পেলেন বিয়ের প্রস্তাব

স্পোর্টস ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৬

বিয়ের প্রস্তাবের জন্য অলিম্পিকের মঞ্চকে বেছে নিলেন চীনের দুই ডাইভার সাঁতারু। রিও অলিম্পিকে এমনই এক সুন্দর এবং বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। দুই চীনা ডাইভারের ভালবাসার সাক্ষী হয়ে গেল গোটা বিশ্ব।

নারীদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং-এ রুপা জেতেন হে জি। কিন্তু রুপার পদকের চেয়েও বড় পুরস্কার যে তার জন্য অপেক্ষা করছিল, সেটা হয়তো ভাবতেও পারেননি হে জি। পদক নিয়ে মঞ্চ থেকে নীচে নামার সঙ্গে সঙ্গেই খুব গম্ভীর মুখে জি-র সামনে হাজির হন তারই সতীর্থ কিন কুই।

কিন হাঁটু গেঁড়ে বসে পড়েন তার সামনে। কী ঘটতে চলেছে তা দেখার জন্য উপস্থিত সবার চোখ তখন জি-কিনের দিকে। বসেই পকেট থেকে একটি লাল রঙের ছোট বাক্স বের করে নিলেন কিন। বাক্সটা খুলে জি-এর দিকে বাড়িয়ে সলজ্জে প্রস্তাব দিলেন, ‘তুমি কি আমায় বিয়ে করবে?’

কিন-এর এমন অদ্ভুত কাণ্ড দেখে প্রথমে স্তম্ভিত হয়ে যান হে জি। কোনভাবেই ভাবতে পারেননি তার দীর্ঘদিনের প্রেমিক এমন একটা কাণ্ড করে বসবেন। তবে এক মুহূর্তও দেরি করেননি তিনি। সম্মতি দিয়ে দেন কিনের প্রস্তাবে। সঙ্গে সঙ্গে কিনও জি-র আঙুলে পরিয়ে দিলেন আংটি। চারপাশ থেকে ভেসে আসে মুহুর্মুহু হাততালির শব্দ।উচ্ছ্বাসে হে জি জড়িয়ে ধরেন প্রেমিককে।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে জি বলেন, “আমরা ছয় বছর ধরে প্রেম করে আসছি। আজকের এ ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাকে যে বিষয়টি স্পর্শ করেছে, বিশ্বাস। বাকি জীবনটা আমি তাকে বিশ্বাস করতে পারি।”

হে জি একাই নন, পদক জিতেছিলেন কিন কুই নিজেও। তবে তার পদক ছিলো ব্রোঞ্জ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.