Sylhet Today 24 PRINT

ক্ষমা চেয়েছেন তবে ভুল স্বীকার করেননি রূপম

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০১৫

কলকাতা বাংলা ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম বাংলাদেশকে ‘নতুন পাকিস্তান’, ক্রিকেটপাগল বাংলাদেশিদের 'ছোট লোক' এবং বাংলাদেশের মানুষদের 'বাঙালি' মানতে নারাজ আখ্যা দেওয়ার পর এবার কথা ঘুরিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমকে বিকৃত ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুললেন।

তবে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। সে সাক্ষাৎকারে জোর দিয়ে তিনি বলেছেন-বাংলাদেশিদের নিয়ে কিছু বলিনি। আমি কথা বলেছি, একজন মিউজিশিয়ানকে নিয়ে। তিনি এ প্রসঙ্গে মাইলস ব্যান্ডের ড্রামার জিয়াউর রহমান তুর্যকে দায়ি করেছেন।

রূপম ইসলাম তার সাক্ষাৎকারে তুর্যের কথা বললেও প্রথম স্ট্যাটাসে ‘তাঁকে’ শব্দটি উচ্চারণ করেননি, তিনি বলেছিলেন- ‘স্যরি, এদেরকে যদি বাঙালি বলি তাহলে আমি অস্তিত্বের সঙ্কটে পড়ে যাব’। এখানে ‘এদেরকে’ শব্দ ব্যবহার করে তিনি কেবল তুর্যকে ইঙ্গিত করেননি বলে স্পষ্ট। কিন্তু এই বহুবচন ব্যবহার করার পরেও তিনি ভুল স্বীকার না করে তার ভাষায় বাংলাদেশের মিডিয়াকে দোষারূপ করেছেন।

কলকাতার বাংলাভাষী এই শিল্পী নিজ রাজ্যে যতটা না পরিচিত তারচেয়ে বেশি পরিচিত বাংলাদেশে। বাংলাদেশকে কটুক্তি করে স্ট্যাটাসটি বিভিন্ন অনলাইনে মাধ্যমে প্রকাশ হওয়ার পর সব্দিক থেকে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। বাংলাদেশে তার শ্রোতা-ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই পরিষ্কারভাবেই ঘোষণা দিয়ে তাঁকে বর্জনেরও ঘোষণা দেন।

এদিকে তার প্রথম স্ট্যাটাস ব্যাপক সমালোচনার মুখে পড়লে দ্বিতীয় এক স্ট্যাটাসে তিনি আত্মপক্ষ সমর্থন করে আগের স্ট্যাটাসের সাফাই গান কিন্তু পরে সে স্ট্যাটাসটি মুছে দেন বলে সংবাদ প্রকাশ করেছে এক অনলাইন নিউজ পোর্টাল প্রিয়ডটকম। সেখানে আত্মপক্ষ সমর্থনের স্ট্যাটাসের স্ক্রিনশট দিয়ে তথ্যপ্রমাণ হাজির করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরবর্তী সময়ে বিতর্ক, আর বাংলাদেশিদের প্রতিক্রিয়াতে ক্ষুব্ধ হয়ে ‘নতুন পাকিস্তান’ -এর অভ্যূদ্য় ঘটেছে বলে স্ট্যাটাসে উল্লেখ করেন রূপম ইসলাম।

সে স্ট্যাটাসে তিনি আরও বলেন- ‘অনেক ম্যাচ জিতেছি, তার থেকে অনেক অনেক বেশী ম্যাচ হেরেছি। তথাকথিত ভারত-পাকিস্তান বিদ্বেষের গল্প শুনেছি, কিন্তু আমার পরিবেশে কখনো ছায়া ফেলেনি। অত্যন্ত লজ্জার সঙ্গে গত কয়েক দিন ধরে এক নতুন পাকিস্তানের অভ্যূদ্য় সহ্য করছি, আমার অভিজ্ঞতায় যা বিরলতম’।

এ নিয়ে সিলেটটুডে২৪.কমসহ বাংলাদেশের অনেক মিডিয়া সংবাদ প্রকাশ করে এবং সোশ্যাল সাইটগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.