Sylhet Today 24 PRINT

নিজের হিটে প্রথম ‘বাংলার বাঘিনী’

স্পোর্টস ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৬

রিও অলিম্পিক জিমন্যাস্টিকসে (রিদমিক) অংশ নিয়ে বাংলাদেশি তরুণী মার্গারিটা মামুন রিটা তার নিজস্ব হিটে প্রথম হয়েছেন। ২০ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিটা রিদমিক জিমন্যাস্টিকসে রাশিয়ার হয়ে অংশ নিয়েছেন। শীর্ষে থেকেই হিট শেষ করেন বিশ্ব র‍্যাঙ্কিংয়েও এক নম্বরে থাকা এই জিমন্যাস্ট।

২০১৫ মস্কো গ্রাঁ প্রিঁ-তে অল-রাউন্ড ইভেন্টে স্বর্ণ জয় করা রিটা অলিম্পিকের এবারের আসরে নিজের চার ইভেন্ট হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০ একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আরেক রাশিয়ান আনা কুদ্রায়াতেভা। তার মোট পয়েন্ট ৭৩.৯৩২।

‘বাংলার বাঘিনী’ খ্যাত রিটার বাবা বাংলাদেশি। রিটার বাবা আবদুল্লাহ আল মামুন, রাজশাহীর সন্তান তিনি। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রিধারী। মা রাশিয়ান, আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন। তার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি রিটার। পরে সেখান থেকে এ বছর প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছেন তিনি।

গত কয়েক বছরে এই অঙ্গনে বেশ সুনাম কুড়িয়েছেন রিটা। এর মধ্যে জিতেছেন রাশিয়ার রিদমিক জিমন্যাস্ট দলের প্রধান কোচের মনও। আর তাই তো সে কোচ রিটার নাম দিয়েছেন ‘দ্য বেঙ্গল টাইগ্রেস’ বা ‘বাংলার বাঘিনী’। তার এই বিশেষ নামটি আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যায়, সঙ্গে উইকিপিডিয়াতেও।

রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ড গড়েছেন রিটা। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের হয়েই গ্রেটেস্ট শো অন আর্থ মাতানোর কথা ছিল তার। কিন্তু নানা জটিলতায় সেটি আর সম্ভব হয়নি, তবে অদম্য এই নারী ঠিকই অলিম্পিক মাতাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.