Sylhet Today 24 PRINT

এবার ব্যাট-বলে প্রস্তুতি শুরু মাশরাফি-মুশফিকদের

স্পোর্টস ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৬

টানা এক মাস ফিটনেস ট্রেনিং শেষে ইংল্যান্ড সিরিজের জন্য এবার ব্যাট বল নিয়ে প্রস্তুতি শুরু করেছে জাতীয় দলের ক্রিকেটাররা।

২০ জুলাই থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু হলেও এতদিন মাশরাফি-তামিমরা ব্যাট-বলে অনুশীলন করতে পারেননি। ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গে ক্যাচিং এবং ফিল্ডিং অনুশীলন করছে প্রাথমিক ক্যাম্পে থাকা ৩০ জন ক্রিকেটার। ঠিক এক মাস পর, ২০ আগস্ট (আজ, শনিবার) থেকে শুরু হলো নেট সেশন।

ব্যাটে-বলে অনুশীলনের অংশ নিচ্ছেন ক্যাম্পে থাকা প্রায় সব ক্রিকেটারই। ছুটিতে থাকা সাকিব আল হাসানেরও নেট অনুশীলনের শুরুর দিন থেকে উপস্থিত থাকার কথা রয়েছে।

৩০ জনের দল হওয়ার কারণে নেট সেশনটা ভাগ করা হয়েছে দুই সেশনে। ১৫ ক্রিকেটারকে নিয়ে ২ ঘণ্টা করে এই সেশনের প্রথমটি শুরু হয়েছে সকাল সোয়া ৯টায়। চলবে সোয়া ১১টা পর্যন্ত। এরপর দ্বিতীয় সেশন শুরু হবে সাড়ে ১১টা থেকে। চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

জানা গেছে, প্রথম সেশনের ১৫ জনের মধ্যে থাকছেন সর্বশেষ জাতীয় দলে থাকা ক্রিকেটাররাই। প্রধান কোচ হাথুরুসিংহের অধীনে এই সেশনে ইংল্যান্ড সিরিজের জন্য নিজেদের চূড়ান্তভাবে ঝালিয়ে নেবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.