Sylhet Today 24 PRINT

মেলবোর্নে প্রবাসী বাংলাদেশীদের আইসিসির পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ

ক্রীড়া প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০১৫

বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনালে দুই ফিল্ড আম্পায়ার ও টিভি আম্পায়ারের নেয়া বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ হয়েছে বিশ্বকাপ ফাইনালের ভেন্যু মেলবোর্ন শহরে। শনিবার (২৮ মার্চ) অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা মেলবোর্ন স্কয়ারে এই প্রতিবাদের আয়োজন করেন।

সমাবেশে বক্তারা বলেন, আইসিসি নির্দিষ্ট একটি দলের কুক্ষিগত হয়ে ক্রিকেট খেলার সৌন্দর্য নষ্ট করেছে । অন্যায়ভাবে ক্রিকেট বানিজ্যের নির্মম বলি করা হয়েছে বাংলাদেশকে।

সমাবেশে - We Want Fair Cricket , RIP ICC 19 March, Support Fair Play , Stop Business , Save Cricket , Save ICC ইত্যাদি লেখা বেশ কয়েকটি প্লাকার্ড ও বাংলাদেশের পতাকা নিয়ে সমর্থকদের অবস্থান নিতে দেখা যায় ।

গত ১৯ মার্চে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ভারতের কাছে ১০৯ রানে হারে বাংলাদেশ। ওই ম্যাচে আম্পায়ারদের ৩টি বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়। 

ভারতের ইনিংসের ৪০তম ওভারে রুবেল হোসেনকে নো বল ডাকার ‘বিতর্কিত’ সিদ্ধান্তটি দেন আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ড। ওভারের চতুর্থ বলটি ফুলটস দিয়েছিলেন রুবেল হোসেন।

বলটিতে বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ইমরুল কায়েসকে ক্যাচ দেন ভারতের রোহিত শর্মা। তবে পাকিস্তানের আম্পায়ার দার বোলিং প্রান্তে থাকা ইংল্যান্ডের আম্পায়ার গৌল্ডকে বলটি কোমরের ওপরে ছিল বলে সংকেত দেন। গৌল্ড তখন ‘নো’ ডাকেন।

টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি কোমরের ওপরে ছিল না। তখন টিভি ধারাভাষ্যকাররাও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। আম্পায়ারদের এই সিদ্ধান্ত নিয়ে পরে ক্রিকেট পণ্ডিতদের অনেকেই সমালোচনা করেন।

ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। বাংলাদেশ ইনিংসের সময় মাহমুদুল্লাহ রিয়াদের মারা শট বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্যাচ ধরেন শিখর ধাওয়ান, টিভি আম্পায়ার রিয়াদকে আউট দিলেও পরবর্তীতে রিপ্লে জুম করে দেখা যায় ক্যাচ নেয়ার সময় ধাওয়ানের পা লাইন ছুঁয়েছিল। 

এছাড়াও ভারতের ইনিংসের ৩৭তম ওভারে মাশরাফির বলে সুরেশ রায়নার এলবিডব্লিও আউট আউটসাইড লাইনের অজুহাতে দেননি ফিল্ড ও  টিভি আম্পায়ার দুজনের কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ৫১% ইনসাইড লাইন ছিল।

এরপরই বিতর্কিত আম্পায়ারিং এর কারনে ক্ষোভে ফেটে পড়ে টাইগার সমর্থকরা ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.