Sylhet Today 24 PRINT

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক  |  ২৩ আগস্ট, ২০১৬

দায়িত্ব নেয়ার পর নিজের ঘোষিত প্রথম দল ঘোষণা করেছেন নতুন কোচ তিতে। এই দলে নতুন মুখ ৫টি।

ইউরোপের ক্লাব ফুটবলে খেলা ব্রাজিল তারকাদের ওপর এবার বেশ ধকল গেছে। সেই চোটের ধাক্কা এখনো পুরো সামলে উঠতে পারেনি বলেই তিতে তাঁর দল রাখলেন এই পাঁচ নতুন মুখকে।

সামনেই বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের ম্যাচ আছে। ১ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে তারা। এরপর ৬ সেপ্টেম্বর প্রতিপক্ষ কলম্বিয়া। এই দুই ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন তিতে। গ্যাব্রিয়েল জেসুস, তাইসন, রাফায়েল করিওকা, ফ্যাগনারের পাশাপাশি রাখা হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে। এঁরা কেউই এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

ব্রাজিলের রিও অলিম্পিক জয়ী দলের সাত খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে। এর মধ্যে গোলকিপার ওয়েভারটন ফাইনালে জার্মানির পঞ্চম শটটি ঠেকিয়ে দিয়েছিলেন। সেই পুরস্কারই হয়তো পেলেন। যদিও প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে একাদশে নাও থাকতে পারেন তিনি।

এই দুই ম্যাচ পর্যন্ত বার্সেলোনা ছুটি দিয়েছে নেইমারকে। ফলে ব্রাজিল থেকে উড়ে এসে ইউরোপে ক্লাব ফুটবলে খেলে আবারও ব্রাজিল ফিরে যাওয়ার ধকল সহ্য করতে হচ্ছে না নেইমারকে।

ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার, মার্সেলো গ্রোহে, ওয়েভারটন।
ডিফেন্ডার: জিল, মারকুইনহস, মিরান্দা, রদ্রিগো, দানি আলভেস, ফ্যাগনার, ফিলিপে লুইস, মার্সেলো।
মিডফিল্ডার: কাসেমিরো, গুইলিয়ানো, লুকাস লিমা, পাওলিনহো, ফিলিপে কৌতিনহো, রাফায়েল কারিওকা, রেনাতো অগুসে্তা, উইলিয়ান।
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, তাইসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.