Sylhet Today 24 PRINT

বিদায়ের ঘোষণা দিলেন দিলশান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৬

১৯৯৯ সালে অভিষেক। এরপর শ্রীলঙ্কার ক্রিকেটের কত উত্থান-পতনের সাক্ষী হয়েছেন, ‘দিলস্কুপের’ মতো কত স্মরণীয় সব মুহূর্ত এসেছে তাঁর হাত ধরেই।

সেই অধ্যায়টা এবার শেষ হয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়ার সঙ্গে চলতি সফর শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিচ্ছেন তিলকরত্নে দিলশান। রোববার ডাম্বুলায় সিরিজের তৃতীয় ম্যাচটিই হবে দিলশানের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ওয়ানডে। আর শ্রীলঙ্কার হয়ে শেষ টি-টোয়েন্টি খেলবেন ৯ সেপ্টেম্বর।

বয়স হয়ে গেছে ৩৯, বেলা শেষের গান শুনতে পাচ্ছিলেন অনেক আগে থেকেই। ২০১৩ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ব্যাটে রানের অভাব হয়নি এরপর। গত বছর ওয়ানডেতে নিজের সেরা বছরগুলোর একটি কাটিয়েছেন, করেছেন ১২০৭ রান। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান ছিল তাঁর। ২০১৩ সাল থেকে ওয়ানডেতে গড় ৪৯.১৮। এখন পর্যন্ত ৩২৯টি ওয়ানডে খেলে করেছেন ১০২৪৮ রান, নিয়েছেন ১০৬ উইকেট। ৭৮টি টি-টোয়েন্টিতে করেছেন ১৮৮৪ রান।

এ বছরের শুরুতে ইংল্যান্ড সফরে যাননি। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের আগেই প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়ার সঙ্গে কথা হয়েছিল তাঁর। তখনই তাঁকে জানানো হয়, ২০১৯ বিশ্বকাপ নিয়ে শ্রীলঙ্কার দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিনি নেই। দিলশানের এখনই অবসর নেওয়ার ইচ্ছা ছিল না বলে জানায় ক্রিকইনফো। কিন্তু প্রথম দুই ওয়ানডেতে ২২ ও ১০ রান করার পরেই মন বদলেছেন তিনি।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.