Sylhet Today 24 PRINT

ইনজুরিতে তামিম, পরবর্তী সিরিজে ফেরার আশা

স্পোর্টস ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৬

তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। তবে এর আগে টাইগার শিবিরে এক দুঃসংবাদ আসলো। টাইগার ওপেনার তামিম ইকবাল অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন।

জানা গেছে, এক্সরে রিপোর্টে তামিমের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। কমপক্ষে দুই সপ্তাহ তিনি ব্যাট হাতে নিতে পারবেন না। পুরোপুরি সুস্থ হতে তার কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। সেটা বেড়ে সর্বোচ্চ তিন সপ্তাহ হতে পারে।

যদিও আপাতদৃষ্টিতে তার ইনজুরি ততটা মারাত্মক বলে মনে করা হচ্ছে না। রোববার (২৮ আগস্ট) তামিমের এমআরআই করানো হবে। এরপরই বোঝা যাবে তার ইনজুরির প্রকৃত অবস্থা। এমআরআই রিপোর্ট যদি নেতিবাচক হয়, সেক্ষেত্রে আসন্ন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে অনিশ্চিত হয়ে পড়তে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ড্যাশিং ওপেনার।

এ নিয়ে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, `তামিম গতকাল অনুশীলন করতে গিয়ে বাঁহাতে ব্যথা পেয়েছে। আজ তার এমআরআই করানো হবে। এরপরই তার ইনজুরির প্রকৃত অবস্থা জানা যাবে।`

তিনি আরও বলেন, `রিপোর্টে যদি কোন খারাপ কিছু ধরা পড়ে তাহলে তামিমের বিকল্প আমরা ঠিক করছি। এখনো যেহেতু সময় আছে তাই আশা করছি তামিম সুস্থ হয়েই ইংল্যান্ড সিরিজে দলে থাকবে।`

তামিম আশাবাদী, আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের আগেই মাঠে ফিরবেন তিনি। তামিম বলেন, 'সুস্থ হতে ৩ সপ্তাহ লাগলেও সর্বোচ্চ ১৮-২০ তারিখ পর্যন্ত বাইরে থাকব। আশা করছি, আফগানিস্তান সিরিজেই খেলতে পারব।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.