Sylhet Today 24 PRINT

ফিরেই মেসির গোল, জিতল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০১৬

অবসর ভেঙে জাতীয় দলে ফেরা লিওনেল মেসির একমাত্র গোলে শক্তিশালী উরুগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা। এর মাধ্যমে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার সবার উপরে উঠল আর্জেন্টিনা, আগে এ অবস্থানে ছিল উরুগুয়ে।

বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোরে হওয়া ম্যাচটি মেসির একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা।  

গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। কোচের দায়িত্ব নিয়েই মেসিকে ফেরানোর লক্ষ্য জানান বাউসা। পরে তার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।  

৩২তম মিনিটে অনেকটা দূর থেকে ইউভেন্তুসের পাওলো দিবালা শট লাগে ডান পোস্টে; ৪০তম মিনিটে ডি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন মেসি। কিন্তু লক্ষ্য ঠিক ছিল না, সামনে থাকা এক জনের পায়ে লেগে ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়।

দুই মিনিট পরেই দলকে এগিয়ে দেন মেসি। ঘিরে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঝে বাঁ পায়ে দারুণ ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক জনকে কাটিয়ে জোরালো শট নেন বার্সেলোনা তারকা। বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৪৫তম মিনিটে সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেস। বল পায়ে বাঁদিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়লেও শট নিতে দেরি করে ফেলেন প্রথমার্ধে নিজের মান অনুযায়ী খেলতে না পারা এই তারকা।

পরের মিনিটেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। যোগ করা সময়ে দিবালা দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা।

বাকি সময়েও আক্রমণ-পাল্টা আক্রমণে চলে জমজমাট লড়াই। গত মৌসুমে বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস বেশ কবার স্বাগতিক রক্ষণ ভেঙে ঢুকে পড়েন; কিন্তু ফিনিশিংয়ে সাফল্যের দেখা পাননি।

পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্জেন্টিনার পয়েন্ট ৭ ম্যাচে ১৪। উরুগুয়ে, কলম্বিয়া ও একুয়েডরের পয়েন্ট সমান ১৩। গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে সুয়ারেসরা। এরপর যথাক্রমে কলম্বিয়া ও একুয়েডর।

এর আগে একুয়েডরকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। দিনের অন্য ম্যাচে কলম্বিয়া ২-০ গোলে ভেনেজুয়েলাকে এবং বলিভিয়া একই ব্যবধানে পেরুকে হারিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.