Sylhet Today 24 PRINT

আজই অস্ট্রেলিয়া যাচ্ছেন তাসকিন-সানি

স্পোর্টস ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৬

সোমবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চাপছেন বোলার তাসকিন-সানি। আগামী বৃহস্পতিবার ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। দীর্ঘ পুনর্বাসনে থাকার পর তাদের অ্যাকশনের ত্রুটি অনেকটাই সেরে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুমতি পেতে অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে যাচ্ছেন তাঁরা।

গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচেই তাসকিন-সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ১২ মার্চ সানি এবং ১৪ মার্চ তাসকিন চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। ১৯ মার্চ আইসিসি তাঁদের ত্রুটি থাকার অভিযোগে নিষিদ্ধ করে।

অবশ্য তাসকিনের নিষেধাজ্ঞা স্থগিতের জন্য বিসিবি পরে আবার আইসিসির কাছে আবেদন করে। কিন্তু দীর্ঘ শুনানি শেষে বিসিবির এই আবেদন খারিজ করে দেয় আইসিসি।

অথচ তাসকিনের স্টক বল (গুড লেন্থ) ও ইয়র্কারে কোনো ধরনের অনিয়ম পায়নি আইসিসি। তবে পরীক্ষার সময় তাসকিনকে মাত্র তিন মিনিটে নয়টি বাউন্সার করতে বলা হয়। এর মধ্যে তিনটি বল আইনসম্মত ছিল না।

কিন্তু যে ম্যাচটির বোলিং নিয়ে আম্পায়াররা তাসকিনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ম্যাচটিতে তাসকিন একটিও বাউন্সার দেননি!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.