Sylhet Today 24 PRINT

বড় পরিবর্তন আসতে পারে ওয়ানডে ক্রিকেটে

স্পোর্টস ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কার বিরোধিতায় দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের পরিকল্পনা থেকে সরে এসেছে। তবে ওয়ানডেতে বড়সড় পরিবর্তন আনার পরিকল্পনা আছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার। দ্বিপক্ষীয় সিরিজগুলোকে আরো প্রাসঙ্গিক করে তোলার জন্য নতুন একটি ওয়ানডে লিগ চালুর কথা ভাবছে আইসিসি। আগামী অক্টোবরে আইসিসির পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে।

২০২৩ সালের বিশ্বকাপকে সামনে রেখে সাজানো হতে পারে ওয়ানডে লিগের পরিকল্পনা। যেখানে তিন বছরের মধ্যে ১৩টি ওয়ানডে দলের প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে খেলবে অন্তত একটি করে সিরিজ। এই লিগের মাধ্যমেই নির্ধারণ হবে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের বিষয়টি। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারবে না, তারা পরবর্তী এক বছরে খেলবে প্লে-অফ ম্যাচ। একই ধরনের কাঠামো দেখা যেতে পারে টি-টোয়েন্টির ক্ষেত্রেও। তবে সিরিজগুলোতে কয়টি করে ম্যাচ থাকবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

ওয়ানডে ক্রিকেটের জন্য নতুন এই কাঠামো চালু হলে বেশ লাভবান হবে বাংলাদেশের ক্রিকেট। নিয়মিতভাবে খেলার সুযোগ পাবে বড় দলগুলোর সঙ্গে। এ বছর যেমন সাকিব-মাশরাফিদের দীর্ঘ সময় না খেলার আক্ষেপ নিয়ে কাটাতে হয়েছে, তেমনটা আর দেখা যাবে না প্রস্তাবিত এই ওয়ানডে লিগ চালু হলে। দ্বিপক্ষীয় সিরিজগুলো হয়ে উঠবে আরো প্রাসঙ্গিক।

দ্বিস্তরের টেস্ট ক্রিকেটের পরিকল্পনা থেকে সরে আসতে হলেও টেস্ট ক্রিকেটের সেরা দল নির্বাচনের জন্য একটি চ্যাম্পিয়নশিপ আয়োজনের চিন্তাভাবনা চলছে আইসিসিতে। এই প্রক্রিয়ায় প্রতি দুই বছর পরপর টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ দুই দল একে অপরের মুখোমুখি হতে পারে শীর্ষস্থানের জন্য। খেলাও হতে পারে কোনো নিরপেক্ষ ভেন্যুতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.