Sylhet Today 24 PRINT

নারী ফুটবলারদের লাঞ্ছনার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৬

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী কলসিন্দুরের নারী ফুটবলারদের ভোগান্তি, লাঞ্ছনা ও হয়রানির প্রতিবাদে আজ (৯ সেপ্টেম্বর) শুক্রবার শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শহরের নিউমার্কেট মোড়ে নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি আয়োজন করে বিক্ষোভ সমাবেশের। আয়োজিত সমাবেশ থেকে এ ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চরম দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।  

শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, উদীচী সেক্রেটারি আবু হান্নান, ফুটবল কোচ সাধন বসাক, খেলোয়াড় রাজন, প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা-কোচ-খেলোয়াড় ছাড়াও বিক্ষোভ সমাবেশে মহিলা পরিষদ, রেডক্রিসেন্ট সোসাইটি, শাড়ি, কমিউনিস্ট পার্টি, মানবাধিকার কমিশন, উদীচী, এইচআরডি, স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইতিহাস গড়া নারী ফুটবলারদের ৯ জনকে লোকাল বাসে করে ময়মনসিংহের কলসিন্দুরে পাঠানো হয়। বাসের ভেতর তারা ভোগান্তি ও হয়রানির শিকার হন। এলাকায় পৌঁছলে কলসিন্দুর স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষক জোবেদ আলী তাদের লাঞ্ছিত নানাভাবে হেনস্তা করেন। এমনকি তাসলিমা নামের এক নারী ফুটবলারের পিতাকে মারধর করে আহত করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে শিক্ষক জোবেদ আলীকে কর্তৃপক্ষ সাময়িকভাবে বরখাস্ত করে। বাফুফের সমালোচনায়ও মুখর হয় মিডিয়া সহ সচেতন নাগরিক সমাজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.