Sylhet Today 24 PRINT

শ্রীনিবাসন-কামাল ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডে দুভাগ

বাংলাদেশ সফর বাতিলের চেষ্টা শ্রীনিবাসনের পন্থীদের , শ্রীনিবাসনকে নির্বাসনে পাঠাতে চান অন্য পক্ষ

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৫

আগামী জুনে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল করতে তৎপরতা শুরু করেছেন দূর্নীতির দায়ে বিসিসিআই এর সভাপতির পদ হারানো বর্তমান আইসিসি চেয়ারম্যান এস শ্রীনিবাসন । আ হ ম মুস্তাফা কামালের ঝাঁঝালো বক্তব্যের পর ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিলের জন্য দেশটির ক্রিকেট বোর্ডের জরুরি বৈঠক ডাকার তৎপরতা শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, বিসিসিআইয়ে থাকা শ্রীনিবাসনের সমর্থকরা জরুরি বৈঠক আহ্বানের জন্য তৎপরতা চালাচ্ছেন।

“আইসিসিতে শ্রীনিবাসন বিসিসিআইয়ের প্রতিনিধি হওয়ায় এবং কামাল তাকে বিষোদগার করায় ভারতীয় ক্রিকেট দলের আগামী জুনে বাংলাদেশ সফর বাতিলের জন্য তারা চেষ্টা করতে পারেন। বিষয়টি এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে।

“তবে বিসিসিআইয়ে শ্রীনিবাসনবিরোধী অনেকে আছেন যারা জোর গলায় এ পরিকল্পনার বিরোধিতা করবেন। শ্রীনিবাসনকে নিয়ে কামালের বিষোদগার ব্যক্তিগত বিষয় এবং বিসিসিআই কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে না বলে যুক্তি দিবেন তারা।”

বিসিসিআই বাংলাদেশ সফর বাতিল করলে ঢাকা বিষয়টি নয়াদিল্লির কাছে তুলতে পারে বলে মনে করেন তিনি।আর দ্বিপক্ষীয় সম্পর্কে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় নরেন্দ্র মোদী সরকার ক্রিকেট দলের সফর বাতিলের পক্ষে যাবে না বলেও মনে করেন তিনি।

“শ্রীনিবাসনবিরোধী অনেকে চাইছেন বিসিসিআই এমন কিছু করুক যাতে বিষয়টি নিয়ে গোল বাধে এবং মোদী সরকার বিসিসিআইয়ের ওপর চড়াও হয়ে শ্রীনিবাসনকে উৎখাতে চাপ দেয়,” বলেন বিসিসিআইয়ের আরেক কর্মকর্তা।

নরেন্দ্র মোদী সরকারের বেশ কয়েকজন মন্ত্রী বিসিসিআইয়ের সঙ্গে সম্পৃক্ত, যাদের কেউ শ্রীনিবাসনের পক্ষে নন। এই মন্ত্রীদের ধরে শ্রীনিবাসনকে বিসিসিআই থেকে উৎখাত করতে চাইছেন তার বিরোধীরা।

সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে আম্পারদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে মন্তব্যের জের ধরে আইসিসির বিধি ভঙ্গ করে সভাপতি মুস্তফা কামালকে বঞ্চিত করে বিজয়ী দলকে ট্রফি দেন সংস্থাটির চেয়ারম্যান এন শ্রীনিবাসন।

বিশ্বকাপ শেষে বুধবার ঢাকা ফিরেই বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে আইসিসির সভাপতির পদ ছাড়ার ঘোষণা দেন কামাল।
আইপিএল কেলেঙ্কারিতে নাম আসায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি থেকে সরে যেতে বাধ্য হওয়া শ্রীনিবাসনের কঠোর সমালোচনা করেন তিনি।

‘বিতর্কিত’ এই ব্যক্তির হাতে ক্রিকেটের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল।

সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আইসিসির সাবেক সভাপতি হিসেবে আমি বলবো, এদের মস্তিষ্ক বিকৃত, এরা স্বাভাবিকভাবে কিছু চিন্তা করতে পারে না। আইসিসির দোষ নাই। একজন বা দুই জন এমন, তাদের সরানোর পথ আমি করে দিলাম।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.