Sylhet Today 24 PRINT

বাংলাদেশের মানুষ ক্রিকেটপাগল, অতিথি পরায়ণ, আমি যেতে প্রস্তুত: ব্রড

স্পোর্টস ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৬

ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগ্যান পিছু হটলেও বাংলাদেশ সফরের ব্যাপারে প্রস্তুত থাকার কথা ইসিবিকে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার স্ট্রুয়ার্ট ব্রড।

বাংলাদেশ সফরের শততম টেস্ট খেলার কথা রয়েছে ডানহাতি এই পেসারের।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের প্রতিও দায়বদ্ধতা অনুভব করেছেন ব্রড, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না—এটা খুব দুঃখজনক ব্যাপার। খুবই খারাপ লাগবে, যদি বাংলাদেশেও একই ব্যাপার ঘটে। বাংলাদেশের মানুষ ক্রিকেটপাগল, তারা খুবই অতিথি পরায়ণ। ভালো লাগছে এই ভেবে যে সফরটা শেষ পর্যন্ত হচ্ছে।’

তবে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল বলেই জানিয়েছেন ব্রড, ‘জুলাইয়ে ঢাকায় সন্ত্রাসী হামলার পর থেকেই বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারটি আমাদের মাথায় ঘুরছে। আমাদের মধ্যে কেউই এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি হালকাভাবে নেয়নি। নিরাপত্তাব্যবস্থার ব্যাপারটি সব সময়ই বড় কিছু। ২০০৮ সালের মুম্বাই হামলার পরেও আমরা যখন ভারতে ফিরে গিয়েছিলাম, এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল।’

তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পেরে খুশি ব্রড, বাংলাদেশে যাব কি না, এ নিয়ে দোটানায় ছিলাম। তবে এখন মনে হচ্ছে, বাংলাদেশে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত এবং ইসিবিকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে আমি যেতে প্রস্তুত।’

কেবল বাংলাদেশ নয়, ব্রডের মতে এই মুহূর্তে গোটা পৃথিবীটাই অনিরাপদ, ‘আমাদের অনেক আত্মীয় ও বন্ধুবান্ধব বলেছেন, কেবল ক্রিকেট খেলার জন্য নিজেদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে ওখানে যাওয়ারই–বা কী দরকার! কিন্তু আমি মনে করি, দুনিয়াটা বদলে গেছে, নিরাপত্তার ঝুঁকি সব জায়গাতেই আছে। দুঃখজনক হলেও এটাই বাস্তব।’

সূত্র: ডেইলি মেইল

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.