স্পোর্টস ডেস্ক | ১২ সেপ্টেম্বর, ২০১৬
দ্বিধা কাটাতে সময় ছিল শনিবার পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে অস্বস্তি কাটাতে না পেরে না বাংলাদেশ সফরকে না করে দিলেন ওয়ানডে অধিনায়ক ইওন মর্গ্যান ও উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। মর্গ্যান সরে দাঁড়ানোয় সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিডল অর্ডার উইকেটকিপার জস বাটলার।
এই খবর নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী শুক্রবার ওয়ানডে ও টেস্ট দলের নাম ঘোষণা করা হবে।
ইসিবি বিবৃতিতে জানায়, “আমরা ওয়েন ও অ্যালেক্সের সিদ্ধান্তের কারণ বুঝতে পেরেছি এবং এটাকে সম্মান করছি; কিন্তু তারা বাংলাদেশ সফরের যাওয়ার দল নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়ায় আমরা একই সঙ্গে হতাশও।”
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্ট্রাউস এর আগে খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন, জায়গা ছেড়ে দিলে দলে ফেরার কোনো নিশ্চয়তা নেই।
এর আগে স্টুয়ার্ট ব্রড, মইন আলি, ক্রিস জর্ডান ও লিয়াম ডসন খোলাখুলি জানান তারা বাংলাদেশ সফরে যাবেন।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর গত ২৫ অগাস্ট বাংলাদেশ সফর নিশ্চিত করে ইসিবি। অবশ্য এর আগে থেকেই সফর নিয়ে অস্বস্তির কথা জানাচ্ছিলেন মর্গ্যান। কয়েক দিন আগেও ইঙ্গিত দিয়েছিলেন সফরে না আসার বিষয়ে। অবশেষে রোববার বিষয়টি নিশ্চিত করে ইসিবি।
ইংল্যান্ড বাংলাদেশে পৌঁছবে ৩০ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। ২০ অক্টোবর শুরু হবে ২ টেস্টের সিরিজ।