Sylhet Today 24 PRINT

টেস্ট খেলুড়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে রানার্সআপ বাংলাদেশের ইউল্যাব

স্পোর্টস ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৬

আটটি টেস্ট খেলুড়ে দলের সেরা বিশ্ববিদ্যালয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে শিরোপার কাছাকাছি গিয়েও অল্পের জন্য পারেনি বাংলাদেশের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব)।

রোববার শ্রীলঙ্কার গলে রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালে শ্রীলঙ্কার বিজনেস ম্যানেজমেন্ট স্কুলের (বিএমএস) কাছে ২৪ রানে হেরে গেছে ইউল্যাব।

তবে ফাইনালে হারলেও বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেওয়া ইউল্যাব হারিয়েছে  অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি, দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া, পাকিস্তানের ইউনিভার্সিটি সেন্ট্রাল অব পাঞ্জাবের মতো দলকে।

রোববার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে রনিথা লিয়ানারাচ্চির মাত্র ২৭ বলে ছয় চার ও দুই ছক্কায় ৫২ রানের সুবাধে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে স্বাগতিক বিএমএস। ইউল্যাবের পক্ষে ২০ রানে তিন উইকেট নেন আরিফুর রহমান।

 ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় পাঁচ রানেই সাবিত হোসেনের উইকেট হারায় ইউল্যাব। তবে অধিনায়ক হাসানুজ্জামান (৩৯) ও অভিষেক মিত্রর (২৮) ৮৮ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইউল্যাব। কিন্তু এ জুটি ফিরে গেলে আর কেউই বড় জুটি গড়তে পারেনি। শেষ পর্যন্ত আট উইকেটে ১৬৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে বিএমএস ২৪ রানের জয় পায়।

উল্লেখ্য, ২০১৬ প্রাইভেট ইউনিভার্সিটি টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ক্যাম্পাসভিত্তিক এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল ইউল্যাব। ২০১২ সালেও এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বিশ্ববিদ্যালয়টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.