Sylhet Today 24 PRINT

সেই কিশোরী ফুটবলারদের ঢাকায় আনতে এবার ৮ গাড়ি

স্পোর্টস ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৬

সতর্ক হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিল বাফুফে। অনুর্ধ্ব-১৬ ফুটবলারদের ঢাকায় আনতে মাইক্রোবাস ও কার মিলে মোট ৮টি গাড়ির ব্যবস্থা করেছে ফেডারেশন।

২৩ নারী ফুটবলারকে ঢাকায় আনতে প্রায় এক লাখ টাকা খরচ করতে হচ্ছে আর্থিক টানাপোড়েনে থাকা বাফুফেকে।

অনুর্ধ্ব-১৬ নারী ফুটবলারদের আবাসিক ক্যাম্প শুরু হবে শুক্রবার থেকে, লক্ষ্য আগামী বছর অনুষ্ঠেয় মূল পর্বে ভালো করা। শুক্রবার সকালে বাফুফের ভাড়া করা গাড়ীতে নিজেদের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারা।

ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বরিশাল, পার্বত্য চট্রগ্রাম, সাভার প্রভৃতি এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন নারী ফুটবলাররা। এর মধ্যে ময়মনসিংহের কলসুন্দরের ৯ ফুটবলার সানজিদা, মারজিয়া, মারিয়া, তহুরা, শিউলি আজিম, তাসলিমা, সামসুন্নরাহার, মাহমুদা, নাজমা গত দুই বছর ধরে এক সঙ্গে খেলছেন।

এ মাসের প্রথম দিকে অনুষ্ঠিত এএফসি কাপ বাছাই পর্বে দাপটে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলার অর্জন করে বাংলাদেশ। এরপর ৭ সেপ্টেম্বর লোকাল বাসে ময়মনসিংহে নিজেদের বাড়িতে যাওয়ার সময় হেনস্তার শিকার হন কলসুন্দরের মেয়েরা।

এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। দেশকে সম্মান এনে দেয়া এ মেয়েদের অবহেলার অভিযোগ ওঠে বাফুফের বিরুদ্ধে। বিব্রতকর অবস্থায় পড়তে হয় দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে।

তবে নতুন করে যাতে আর অনাকাঙ্খিত ঘটনা না ঘটে তার জন্য সতর্ক ফুটবল ফেডারেশন। এ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন,‘ যেটা ঘটেছে তা সবাই ভুলে গেলেই মঙ্গল। আমরা সতর্ক। আমরা মেয়েদের জন্য গাড়ি পাঠিয়েছি। ওদের সঙ্গে ওদের অবিভাবকরাও আসবেন। সব খরচই আমরা বহন করছি। আমরা এখন সামনে এগুতে চাই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.