Sylhet Today 24 PRINT

নারী ফুটবলাররা সংবর্ধিত, পাবেন অর্থ পুরস্কার ও মাসিক ভাতা

স্পোর্টস ডেস্ক  |  ১৯ সেপ্টেম্বর, ২০১৬

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে চূড়ান্ত পর্বে ওঠা বাংলাদেশের নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পাশাপাশি এই দুর্দান্ত ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর স্থানীয় এক হোটেলে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন, বাফুফের সহ-সভাপতি নাবিল আহমেদ, বাদল রায়, তাবিথ আউয়াল, নাইমুর রহমান দুর্জয়। এছাড়া উপস্থিত ছিলেন আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া প্রতিষ্ঠান জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ, সাইফ গ্লোবাল স্পোর্টস এর চেয়ারম্যান তরফদার রুহুল আমিন, ক্যাল্ডওয়েল ডেভলপার্স এর খায়রুল মজিদ এবং এসএস সলিউশনস এর কর্তাব্যক্তিরা।

দলের ২৩ খেলোয়াড়, হেড কোচ ও দুই সহকারী কোচের জন্য জেমকন গ্রুপ ও সাইফ গ্লোবাল স্পোর্টস ৫০ হাজার করে এক লাখ টাকা এবং ক্যাল্ডওয়েল ডেভলপার্স ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়। এছাড়া, এসএস সলিউশনস আগামী এক বছরের জন্য টাইগ্রেসদের ১০ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করার ঘোষণা দেয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অনূর্ধ্ব-১৬ নারী দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও বাংলাদেশের এই উদীয়মান ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে, যেখানে দলটিকে ওয়ালটনের পক্ষ থেকে পাঁচ লাখ টাকার পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

২০১৭ সালের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। সেখানে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, থাইল্যান্ড ও লাওসের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.