Sylhet Today 24 PRINT

মোস্তাফিজ না থাকলেও সেরা বোলিং আক্রমণই আছে বাংলাদেশের: মাশরাফি

স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

ইনজুরিতে দলের সেরা বোলিং অস্ত্র মোস্তাফিজ নেই। তবু নাকি বাংলাদেশের এই বোলিং আক্রমণই সেরা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের আগের দিন শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বলেন, ‘সত্যি কথা বলতে ফিজকে আমরা মিস করব। কিন্তু এখন যারা আছে, তাদেরও প্রমাণ করার এটা একটি সুযোগ। ওয়ানডে ক্রিকেটে সবার মধ্যেই প্রতিযোগিতা রয়েছে। মোস্তাফিজ না থাকলেও আমি মনে করি আমাদের সেরা বোলিং আক্রমণই আছে।’

মোস্তাফিজ থাকলে যেকোন প্রতিপক্ষের বিপক্ষে কাজটা অনেক সহজ হয়ে যায় কিনা এমন প্রশ্নের জবাবে নড়াইল এক্সপ্রেস বলেন,  ‘মোস্তাফিজ থাকতেও যে চ্যালেঞ্জ ছিল না, সেটা কিন্তু নয়। এখনও একই চ্যালেঞ্জ। বর্তমান দলে যারা রয়েছে, তাদেরও ভালো করার ক্ষমতা আছে।’

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি দেখা যাবে জিটিভি ও বিটিভিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.