Sylhet Today 24 PRINT

‘শান্তির ম্যাচ’ খেলতে মাঠে নামবেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৬

বুট জোড়া তুলে রেখেছেন বহু আগেই। সেই সোনালী সময়ের গতিও নেই পায়ে। তবু মাঝে মাঝেই মাঠে নেমে পড়েন ম্যারাডোনা। আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ এর খেলা দেখতে মুখিয়ে থাকেন ফুটবল প্রেমিরা।

ভক্তদের সামনে আবার এসেছে ম্যারাডোনাকে মাঠে দেখার সুযোগ। ‘শান্তির ম্যাচে’ মাঠে নামার ঘোষণা দিয়েছেন ম্যারাডোনা। পোপ ফ্রান্সিসের ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে এই প্রদর্শনী ম্যাচ।

এর আগেও ‘শান্তির ম্যাচ’ নামে প্রদর্শনী ফুটবলের আয়োজন করেছে পোপের ফাউন্ডেশন। এবার তাতে আমন্ত্রণ জানানো হয়েছে ম্যারাডোনাকে। ম্যাচ খেলতে রাজিও হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বলেছেন, "১২ অক্টোবর শান্তির ম্যাচের আমন্ত্রণ পেয়েছি আমি। মানুষজনের সঙ্গে আমিও কিছুটা অবদান রাখার চেষ্টা করব।"

এই ম্যাচে আরও খেলবেন ব্রাজিলের দুই কিংবদন্তি রোনালদো ও রোনালদিনহো। খেলবেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার হার্নান ক্রেসপো। রোমের অলিম্পিক স্টেডিয়ামের অনুষ্টিতব্য ম্যাচটি পোপের ‘স্কুলস ফর এনকাউন্টার’ ফাউন্ডেশনের দ্বিতীয় আয়োজন। খেলাধুলা, শিল্পকলা ও শিক্ষায় শিশুদের উন্নয়নে কাজ করে ফাউন্ডেশনটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.