Sylhet Today 24 PRINT

বাংলাদেশের শেষ ওয়ানডে দল ঘোষণা, পেসার রুবেলের বদলে স্পিনার রুবেল

স্পোর্টস ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  যেখানে সুযোগ হয়নি আগের দুই ম্যাচে খেলা পেসার রুবেল হোসেনের। তার জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। এর আগে ২০০৮ সালের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।

প্রথম ওয়ানডেতে রুবেল শেষ ওভারটা করেছিলেন দুর্দান্ত। বোলিং কোচ কোর্টনি ওয়ালশেরও প্রশংসা পেয়েছিল রুবেল হোসেনের ওই বোলিং। কাল দ্বিতীয় ওয়ানডেতে বোলিং ভালো না করলেও শেষ উইকেট জুটিতে মোসাদ্দেক হোসেনকে দারুণ সঙ্গ দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য রুবেলের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের ১৪ জনের দলেই জায়গা হচ্ছে না এই পেসারের।

তিন বছর আগে দলে থাকলেও মাঠে নামা হয়নি মোশাররফের। সেক্ষেত্রে শনিবার মূল একাদশে থাকলে সাড়ে আট বছর পর জাতীয় দলে খেলা হবে তার।

জাতীয় লিগ খেলতে মোশাররাফ গতকাল বগুড়ায় ছিলেন। রাতেই বোর্ড থেকে ডাক পান ঢাকায় চলে আসার জন্য। সকালে ঢাকায় ফিরে এখন তিনি মিরপুরে, অনুশীলনও শুরু করবেন জাতীয় দলের সঙ্গে। এত দিন পর ডাক পেয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত মোশাররফ, ‘সব সময় আশা ছিল আবার জাতীয় দলে খেলব। কিন্তু এভাবে হুট করে ডাক পাব ভাবিনি। খুব ভালো লাগছে। আশা করি, সুযোগ পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দেব।’

রুবেলকে বাদ দিয়ে মোশাররফকে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক নির্বাচক বলেছেন, ‘আফগানরা বাঁহাতি স্পিনে দুর্বল। সে কারণেই আমরা একজন পেসার কমিয়ে একজন বাঁহাতি স্পিনারকে দলে ডেকেছি। এমন নয় যে রুবেল হোসেনকে ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে। পরিবর্তনটা টিম কম্বিনেশনের কারণেই আনা।’

ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে রয়েছে সমতা। তাই শনিবারের শেষ ম্যাচটি অলিখিত ফাইনাল।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.