Sylhet Today 24 PRINT

মাশরাফি-সাব্বিরের শাস্তি, সামান্য তিরস্কারেই পার বাটলার

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৬

দ্বিতীয় ওয়ানডেতে জস বাটলারের আউটের পর অনাকাঙ্ক্ষিত ঘটনায় শাস্তি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাব্বির রহমান। আর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে সামান্য তিরস্কার করেই ছাড় দেয়া হয়েছে।

খেলোয়াড়দের জন্য আইসিসির নীতিমালা ভাঙার দায়ে শাস্তি হিসেবে মাশরাফি ও সাব্বিরের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আনুষ্ঠানিকভাবে তিরস্কার শুনেই পার পেয়ে গেছেন।


সোমবার আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাশরাফি ও সাব্বির খেলোয়াড়দের জন্য আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১.৭ ধারা ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে কোনো ক্রিকেটারের আউটের পর তাকে ক্ষ্যাপানো বা তাকে খুঁচিয়ে আগ্রাসী করার মতো ভাষা, কাজ বা অঙ্গভঙ্গী করার সঙ্গে সম্পর্কিত।

রোববার ইংল্যান্ড ইনিংসের ২৮তম ওভারে তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউতে আউটের সিদ্ধান্ত পাওয়ার পর বাধনহারা উল্লাস করে বাংলাদেশ দল। এই উদযাপন পছন্দ না হওয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের দিকে তেড়ে যেতে দেখা যায় বাটলার। সমালোচনার মুখেও পড়েন তিনি তবে শেষ পর্যন্ত আইসিসি তার আচরণকে গুরুতর মনে করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.