Sylhet Today 24 PRINT

ইংল্যান্ডকে হারালেই নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

চট্টগ্রামে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকেই ঝরছে প্রবল বৃষ্টি। বুধবার খেলা হবে কি-না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে শেষ পর্যন্ত যদি খেলা হয় আর ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় করতে পারে বাংলাদেশ, তবে নতুল এক মাইলফলক স্পর্শ করবে টাইগাররা।

বুধবারের ‘ফাইনাল’ জিতলেই ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে টপকে টানা সাতটি ওয়ানডে সিরিজ জয়ের নতুন রেকর্ড গড়বে টাইগাররা।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি টানা ১০টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানটিও অস্ট্রেলিয়ার দখলে।

ছয়টি সিরিজ জিতে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রামে ইংল্যান্ডকে হারালেই অস্ট্রেলিয়ার পর তালিকায় ঢুকে যাবে বাংলাদেশের নাম।

জিম্বাবুয়েকে টানা দু'বার হারানোর পর ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা হারিয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলেই দারুন এক রেকর্ডের তালিকায় নাম লেখাবে টাইগাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.