Sylhet Today 24 PRINT

বাবার স্বপ্ন পূরণে খেলবেন রনি

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০১৫

ক্রিকেট প্রেমী মনোরঞ্জন তালুকদারের স্বপ্ন ছিল তিন ছেলে রাজীব , রনি আর জনিকে  ক্রিকেটার বানাবেন।তিন ছেলে ক্রিকেটারই হলেন। স্বপ্নের পরিধি বাড়িয়ে ছেলেদের জাতীয় দলের জার্সি গায়ে দেখার স্বপ্ন দেখছিলেন মনোরঞ্জন। তিন ছেলের মধ্যে মাঝের জন রনি'র মাধ্যমে  সে স্বপ্ন যখন পূরণ হলো মনোরঞ্জন তালুকদার তখন পৃথিবীর যাবতীয় হিসেব নিকেশের বাইরে। লাল সবুজ জার্সি গায়ে পাকিস্তানের বিপক্ষে ১৭ এপ্রিল যেদিন মাঠে নামবেন রনি। বাবা মনোরঞ্জন কি তাকিয়ে দেখবেন?

রনি কিন্তু বিশ্বাস করেন বাবা উপর থেকে দেখছেন, তাই ঘরোয়া লীগে প্রতিটি সেঞ্চুরির উপর আকাশের দিকে তাকিয়ে বাবাকে ধন্যবাদ দিতে ভুলেন না রনি। এমন স্বপ্নিল মুহূর্ত ঘটাতে চান আন্তর্জাতিক ম্যাচেও। করতে চান সেঞ্চুরি। জাতীয় লিগে টানা দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড আছে রনির। প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতিযোগিতা এনসিএলে তিনটি শতকসহ ৭০.৬৪ গড়ে ৭৭৭ রান করেছেন এ মৌসুমে। দেশের সেরা ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগেও দুটি শতকসহ সর্বোচ্চ ৭১৪ রান করেন তিনি।

বড় দৈর্ঘ্যের ম্যাচে ভালো করায় অনেকে ধরে নিয়েছিলেন হয়ত ওয়ানডে নয় টেস্ট দলে জায়গা পাবেন তিনি। কিন্তু কিছুটা অবাক করে দিয়ে নির্বাচকরা তাঁকে ওয়ানডে দলেই সুযোগ করে দিলেন। ২৪ বছর বয়সী রনি কিন্তু নির্বাচকদের প্রত্যাশা পূরণ করে থাকতে চান সব ফরম্যাটের দলেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.