Sylhet Today 24 PRINT

স্পিনে কুপোকাত নিউজিল্যান্ড, সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৬

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে সিরিজ ছিল ২-২ সমতায়। শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী, অথচ সে ম্যাচ শেষ হলো একতরফাভাবে। ভারতীয় স্পিনে কুপোকাত হয়ে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারে নি কিউইরা। শেষ ৮ উইকেট মাত্র ১৬ রানে হারিয়ে ম্যাচ হারল ১৭০ রানের বিশাল ব্যবধানে।

২৭০ রান তাড়ায় মাত্র ২৩.১ ওভারে ৭৯ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নিয়ে ভারতকে এনে দিলেন সিরিজ।

১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এটি ছিল মিশ্রর মাত্র ৩৬তম ম্যাচ। এ ম্যাচে ৫ উইকেট নেওয়ার মাধ্যমে নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ছুঁয়ে দেখলেন এ মাইলফলক। সিরিজে নিয়েছেন ১৫ উইকেট। এই সিরিজের ১০ উইকেটও নিতে পারেননি আর কেউ।

২৭০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মার্টিন গাপটিল (০) ও টম ল্যাথামকে (১৯) শুরুতে হারালেও তৃতীয় উইকেটে এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন ও টেলরের ৩৫ রানের জুটিতে এক পর্যায়ে রান ছিল ২ উইকেটে ৬৩। সেখান থেকে ১৬ রানে পড়েছে শেষ ৮ উইকেট!

মিশ্রর পাশাপাশি দারুণ বোলিংয়ে বাঁহাতি স্পিনার আক্সার প্যাটেল নিয়েছেন ২ উইকেট। অভিষিক্ত অফ স্পিনার জয়ন্ত যাদব একটি।

এর আগে রোহিত শর্মা করেছেন ৬৫ বলে ৭০ রান। দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি ও রোহিতের জুটি ছিল ৭৯ রানের। তৃতীয় উইকেটে কোহলি ও ধোনির জুটি ৭১ রানের। ৬৫ রানে ফেরেন কোহলি, ৪১ রানে ধোনি।

শেষ দিকে কেদার যাদবের ৩৭ বলে ৩৯ ও আক্সার প্যাটেলের ১৮ বলে ২৪ রানে ২৬০ ছাড়িয়ে যায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৬৯/৬ (রাহানে ২০, রোহিত ৭০, কোহলি ৬৫, ধোনি ৪১, মনিশ ০, কেদার ৩৯*, আক্সার ২৪, জয়ন্ত ১*; সাউদি ০/৫৬, বোল্ট ২/৫২, নিশাম ১/৩০, স্যান্টনার ১/৩৬, সোধি ২/৬৬, অ্যান্ডারসন ০/২৭)।
নিউজিল্যান্ড: ২৩.১ ওভারে ৭৯ (গাপটিল ০, ল্যাথাম ১৯, উইলিয়ামসন ২৭, টেলর ১৯, নিশাম ৩, ওয়াটলিং ০, অ্যান্ডারসন ০, স্যান্টনার ৪, সাউদি ০, সোধি ০, বোল্ট ১*; উমেশ ১/২৮, বুমরাহ ১/১৬, আক্সার ২/৯, মিশ্র ৫/১৮, জয়ন্ত ১/৮)।

ফল: ভারত ১৯০ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজ ভারত ৩-২ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ ও সিরিজ: অমিত মিশ্র

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.