স্পোর্টস ডেস্ক | ৩০ অক্টোবর, ২০১৬
পয়েন্ট তালিকার তলানিতে থাকা গ্রানাদার বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে জায়ান্ট বার্সেলোনা।
শনিবার (২৯ অক্টোবর) রাতে নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান রাফিনহা আলকান্তারার দেওয়া একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
গ্রানাদার বিপক্ষে মেসি-সুয়ারেস-নেইমাররাও লক্ষ্যভেদ করতে পারছিলেন না মূলত প্রতিপক্ষের কৌশলের কারণে। পুরো ম্যাচে রক্ষণ সামলেছে দলটি।
গোল শূন্যভাবে প্রথমার্ধ শেষ করলেও বিরতি থেকে ঘুরে এসেই লিড নেয় বার্সেলোনা রাফিনহার লক্ষ্যভেদে। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের পাস ধরে গোলে শট করেছিলেন নেইমার, যদিও সেটা পোস্টে প্রতিহত হয়ে আসে ফিরে, ফিরতি বল ‘বাইসাইকেল কিকে’ জালে জড়ান রাফিনহা। ওই গোলটাতেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাতালান ক্লাবটি। তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে অ্যাতলেতিকো, যারা আগের ম্যাচে ইয়ানিক কারাস্কো ও কেভিন গামেইরোর জোড়া লক্ষ্যভেদে ৪-২ গোলে হারিয়েছে মালাগাকে।
আর ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৪-১ গোলে জিতে ফিরেছে দেপোর্তিভো আলাবেসের মাঠ থেকে।