Sylhet Today 24 PRINT

বেন স্টোকসকে আইসিসির জরিমানা

স্পোর্টস ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৬

রোববার (৩০ অক্টোবর) ঢাকা টেস্টে সাব্বির রহমানের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার কারণে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আচরণবিধির ২.১.১ ধারা লঙ্ঘন করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

রোববার ঢাকা টেস্টের তৃতীয় দিন সকালে মাঠে সাব্বিরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বেন স্টোকস। ফিল্ড আম্পায়ার বার বার নিষেধ করলেও স্টোকস তাতে কর্ণপাত করেননি। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুককে বিষয়টি জানানো হয়।

পরে স্টোকসের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা, এস রভি ও থার্ড আম্পায়ার ক্রিস গাফানি। স্টোকস নিজের অপরাধ স্বীকার করায় আর শুনানির প্রয়োজন হয়নি।

এ ঘটনায় স্টোকসের সঙ্গে ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। আইসিসি’র নিয়মানুযায়ী, আগামী ২৪ মাসে যদি ৪টি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট যোগ হয় তাহলে তাকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.