Sylhet Today 24 PRINT

রোনালদোর জোড়া গোলে পর্তুগালের বড় জয়

বিশ্বকাপ ফুটবল বাছাই

স্পোর্টস ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৬

ক্লাবের হয়ে গোল খরা চললেও জাতীয় দলের জার্সিতে স্বরূপে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এই সুপারস্টারের জোড়া গোলে লাটভিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই পর্তুগালের আক্রমণাত্মক ফুটবলে দিশেহারা হয়ে পড়ে লাটভিয়া। প্রথমার্ধের ২৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। ৫৮ মিনিটে আবারো পেনাল্টি পায় পর্তুগাল। তবে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন সিআরসেভেন।

৬৭ মিনিটে জিউজিন্সের গোলে ম্যাচে সমতায় আনে লাটভিয়া।  কিন্তু দুই মিনিট পরেই পর্তুগালকে এগিয়ে দেন উইলিয়াম। ম্যাচের ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। অতিরিক্ত সময়ে ব্রনো আলভেস আরেকটি গোল করলে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো বাহিনী।

চলতি বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচে ৭ গোল করলেন রোনালদো। মোট ৬৮ গোল নিয়ে ইউরোপের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় চারে উঠে এসেছেন তিনি। জার্মান জার্ড মুলার ও আয়ার‌ল্যান্ডের রবি কেনির সমান গোল এখন তার। তাঁর সামনে এখন কেবল ফ্রেন্স পুসকাস (৮৪টি), সান্দোর ক্রোসিস (৭৫টি) ও মিরোস্লাভ ক্লোসা (৭১টি)।

রাতের আরেকটি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন গ্রিস। অন্য খেলায় এস্তোনিয়াকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.