Sylhet Today 24 PRINT

ম্যাকাওকে বিধ্বস্ত করে গ্রুপ সেরা বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  |  ২৩ নভেম্বর, ২০১৬

গ্রুপের প্রথম দুই ম্যাচে স্বাগতিক হংকং ও চাইনিজ তাইপেকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিলো বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচেও জয় নিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে উঠে গেলো বাংলাদেশ।

বুধবার (২৩ নভেম্বর) হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ হকির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বল ম্যাকাওকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

ম্যাচে হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেছেন আশরাফুল ইসলাম। আর ৩ গোল করে হ্যাটট্রিক তালিকায় নিজের নাম যোগ করেছেন সারোয়ার হোসেন। ২টি করে গোল করেছেন হাসান জুবায়ের ও রোমান সরকার। আর একটি গোল করেছেন খোরশেদুর।

ম্যাচের প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে প্রথম গোলটি করেন আশরাফুল। দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে করা দ্বিতীয় গোলটিও তাঁর। পরের মিনিটেই পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূরণ করেন আশরাফুল। ১৯ মিনিটে ফিল্ড গোলে স্কোর ৪-০ করেন রোমান সরকার। ২৩ ও ৩৫ মিনিটে আরও দুটি ফিল্ড গোল করেন সারোয়ার হোসেন ও হাসান জুবায়ের। এরপর ৪০ ও ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল। ৬১ মিনিটে দলের নবম গোলটি করেন সারোয়ার হোসেন। পরের মিনিটেই রোমানের ফিল্ড গোলে স্কোরলাইন হয়ে যায় ১০-০। ৬৩ মিনিটে স্কোর ১১-০ করেন সারোয়ার হোসেন। ৬৯ মিনিটে মঈনুল ইসলাম কৌশিক করেন ১২তম গোল। এরপর যোগ হওয়া অতিরিক্ত সময়ে স্কোরলাইন ১৩-০ করেন খোরশেদুল।

টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছে ম্যাকাও। দুর্বল ম্যাকাও এর বিপক্ষে তাই অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়নকে বিশ্রাম দিয়েছিলো বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.