Sylhet Today 24 PRINT

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারবে কি অস্ট্রেলিয়া?

স্পোর্টস ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৬

সিরিজ শুরুর আগে এই টেস্টটা নিয়ে কত রোমাঞ্চ! দিবারাত্রির টেস্ট ব্যাপারটা নতুন বলে এটা নিয়ে একধরনের বাড়তি আগ্রহ থাকে।

তার ওপর অ্যাডিলেডে আজ শুরু টেস্টটা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট। তখন ভাবা হচ্ছিল, এটাই হতে পারে সিরিজ নির্ধারক। আর সেটা হলে আলাদা উত্তেজনা তো থাকবেই।

কিন্তু সব উত্তেজনা শেষ করে দিয়েছে প্রথম দুই টেস্ট। পার্থ আর হোবার্টে দাপুটে জয়ে এক টেস্ট হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অ্যাডিলেডে ইতিহাসের তৃতীয় গোলাপি বলের টেস্টটা তাই এক হিসেবে শুধুই নিয়ম রক্ষার!

তাহলে কি রোমাঞ্চের কিছুই অবশিষ্ট নেই? আছে। এমনিতেই অন্তর্বর্তীকালীন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ঘিরে বল ট্যাম্পারিং বিতর্কে কদিন ধরে ক্রিকেট-বিশ্বে তোলপাড়। প্রোটিয়া অধিনায়ককে ম্যাচ ফির পুরোটাই জরিমানা করা হয়েছে। এটি আরও তাতিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। হোবার্টে জেতার পরই ডু প্লেসি বলেছিলেন, তাঁদের লক্ষ্য সিরিজ ৩-০ করা। তাহলে এখন তো লক্ষ্য পূরণ করতে মনে মনে ফুঁসে থাকারই কথা প্রোটিয়াদের।

অস্ট্রেলিয়ার লক্ষ্যটা আবার ঠিক উল্টো। নিজেদের মাটিতে কখনো তিন বা এর বেশি টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়নি তারা। এবার সেই লজ্জার সামনে। আপাতত স্টিভেন স্মিথের দলের লক্ষ্য, যে করেই হোক ধবলধোলাইয়ের লজ্জা এড়ানো।

আগের দুই টেস্টের পরাজয় অস্ট্রেলিয়া দলটিকে পুরো ওলট-পালট করে দিয়েছে। হোবার্ট থেকে অ্যাডিলেডে আসতে আসতেই দল থেকে ছিটকে গেছেন ৫ জন, নতুন ঢুকেছেন ৬ জন। তিনজনের আজ অভিষেক হওয়াটা নিশ্চিত। তরুণ একটা দল দুর্দান্ত ফর্মে থাকা ডি কক-অ্যাবট-রাবাদাদের সামনে কতটা কী করতে পারবে, সেই সংশয় থেকেই যাচ্ছে।

গত বছর এই অ্যাডিলেডেই ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়া দুর্দান্ত এক জয় পেয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। কে জানে, এবার অ্যাডিলেড ওভাল কী নিয়ে অপেক্ষা করছে তাদের জন্য!
সূত্র:: এএফপি, রয়টার্স

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.