Sylhet Today 24 PRINT

ভারতীয় দলের কোচ হচ্ছেন সৌরভ?

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৫

এবার কি ভারতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে? একটি ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এমনই জল্পনা দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিএবি-র এক উচ্চ পদস্থ কর্তার এবিষয়ে বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে ঘরোয়া কথাবার্তা হয়েছে। তিনি কোহলিদের কোচ হওয়ার বিষয়ে সৌরভের আগ্রহের কথা ডালমিয়াকে জানিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও সিএবি-র ওই কর্তার নামপরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, বিশ্বকাপের পরই কোচ ডানকান ফ্লেচারের মেয়াদ শেষ হয়েছে। এখন নতুন কোচ নিয়োগের তোড়জোড় চলছে। এরইমধ্যে সিএবি-র ওই অজ্ঞাতপরিচয় কর্তার উদ্যোগ জল্পনা উস্কে দিয়েছে। ওই কর্তার দাবি, সৌরভের কৃতিত্ব তাঁকে ওই পদের জোরাল দাবিদার করে তুলেছে। যদিও এ ব্যাপারে তাঁকে কোনও আশ্বাস দেননি ডালমিয়া।

ওই কর্তা সংবাদপত্রটিকে জানিয়েছেন, কোচ পদের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন জানাতে হয় এবং একটি প্রেজেন্টেশনও দিতে হয়।প্রক্রিয়া অনুসারে তাঁকে বিসিসিআই কর্মকর্তা ও প্রাক্তন অধিনায়কদের সামনে ইন্টারভিউ-ও দিতে হয়।

বোর্ড কর্তাদের একাংশ অপর এক প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ও কোচ পদের লড়াইতে চাইছেন। সিএবি-র অন্দরের ওই কর্তাই সংবাদপত্রটিকে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, দ্রাবিড় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং রাজস্থান রয়্যালসের মেন্টর ও কোচ হিসেবে কাজটাও দারুন সামলাচ্ছেন। আমরা তরুণদের নিয়ে গড়া দলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই..এক্ষেত্রে দ্রাবিড় সবচেয়ে পছন্দের প্রার্থী হতে পারেন। কিন্তু আগ্রহী হলে এক্ষেত্রেও তাঁকেও সৌরভের মতোই বোর্ডের কাছে আবেদন জানাতে হবে।

বর্তমানে টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন রবি শাস্ত্রী। এই পদটি নিয়েও পর্যালোচনা করতে চলেছে বোর্ড। ওই পদটিই থাকবেন কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে কেমন ধরনের কোচ নিযুক্ত হবেন তার ওপর। সৌরভ, দ্রাবিড়ের মতো হাইপ্রোফাইল কোচ হলে ওই পদটি নাও থাকতে পারে।

সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবার বিদেশে ম্যাচ জেতাতেই নজর দিতে বলা হবে কোচকে।

সৌরভের নাম নিয়ে নতুন করে জল্পনার মাঝে বোর্ডকর্তা অনুরাগ ঠাকুরের দাবি, আগামি ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে কোচ নিয়ে আলোচনা হবে এবং চূড়ান্ত হবে৷  সূত্রের খবর, বোর্ডের পছন্দের তালিকায় রাহুল দ্রাবিড়ের নাম থাকলেও তিনি এখনই ধোনিদের দায়িত্ব নিতে চাননা৷

 

সূত্রঃ এপিবি আনন্দ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.