Sylhet Today 24 PRINT

ফুটবল দলসহ বিমান বিধ্বস্ত : দক্ষিণ আমেরিকায় সব ফুটবল কার্যক্রম বন্ধ ঘোষণা

স্পোর্টস ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৬

ব্রাজিলের একটি ক্লাবের ফুটবলারসহ কলম্বিয়ায় একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের সব ধরণের ফুটবল কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন।

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন তাদের সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, দুঃখজনক ওই দুর্ঘটনার খবর নিশ্চিত হওয়ার পর আমরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাউথ আমেরিকায় সব ধরনের ফুটবল কার্যক্রম বন্ধ রাখার কথা বলছি।

বলিভিয়া থেকে ছেড়ে যাওয়া বিমানটি কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময় মধ্যরাতে বিধ্বস্ত হয়। এতে ৭২ জন যাত্রী ছিলেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, বিমান থাকা যাত্রীদের ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফ্লাইটটিতে ব্রাজিলের ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়রা ছিলেন। তারা অ্যাটলেটিকো নেসিওনালের বিপক্ষে কোপা সুডামেরিকার ফাইনাল খেলতে মেডিলিনে যাচ্ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.