Sylhet Today 24 PRINT

শত রান পেরিয়ে এগুচ্ছে বাংলাদেশ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৫

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করছেন টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৭ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (৫০) ও মুশফিকুর রহিম (১০)।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তবে দলীয় ৪৮ রানে একটি অপ্রয়োজনীয় রান নিতে গিয়ে রানআউট হয়ে বিদায় নেন সৌম্য (২০)। ওয়াহাব রিয়াজের বল তামিমের ব্যাট ও প্যাডে লেগে সামনেই ছিল। নন স্ট্রাইক প্রান্ত থেকে কল করেন সৌম্য। কিন্তু ঠিক সময়ে ক্রিজে পৌঁছাতে পারেননি তিনি। রানআউট দেন থার্ড আম্পায়ার।

এরপর দলীয় ৬৭ রানের মাথায় রাহাত আলীর বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৮ বল খেলে মাত্র ৫ রান করেছেন তিনি। যা তার নামের পাশে সত্যিই বেমানান।

মাশরাফির পরিবর্তে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মাশরাফি। বাংলাদেশ দলে ফিরেছেন অলরাউন্ডার আবুল হাসান। এই ম্যাচে রনি তালুকদারের অভিষেক হওয়ার গুঞ্জন থাকলেও তা হয়নি। একাদশে নেই মুমিনুল হকও।

পাকিস্তান দলে আজ দুজনের অভিষেক হয়েছে। দুজনই ব্যাটসম্যান। সাদ নাসিম ও মোহাম্মদ রিজওয়ান। ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিংও করে থাকেন সাদ নাসিম। এ ছাড়া রিজওয়ান উইকেট কিপিংও করেন।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল মিরপুর স্টেডিয়ামে। শেষ তিন ওয়ানডেতের তিনটিতেই জয়ের সম্ভাবনা জাগিয়েও জয় পায়নি বাংলাদেশ। প্রথমটিতে ২১ রানে, পরেরটিতে ২ রানে ও শেষ ওয়ানডেতে  মাত্র ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। পাকিস্তানের ঘাঁড়ে জয়ের নিঃশ্বাস ফেলেও জয়বঞ্চিত হয় বাংলাদেশ। এবার সেই ভাগ্য পাল্টাবে বাংলাদেশের? জয় পাবে পাকিস্তানের বিপক্ষে। এমন প্রত্যাশায় ভক্তরাও।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.