Sylhet Today 24 PRINT

চলছে তামিম-মুশফিক ব্যাটিং ঝড়

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৫

ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে নিজের জাত চেনালেন তামিম ইকবাল। ৭৫ বলে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক হাঁকানো তামিম ১১২ বলে নিজের শতক পূর্ণ করেন।

টাইগারদের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং মিডলঅর্ডারের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিমকে আটকাতে পারছে না পাক বোলাররা। এ দুই টাইগার ব্যাটিং ক্রিজে অপ্রতিরোধ্য থেকে ব্যাট চালিয়ে পাক শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।

দলীয় ৬৭ রানের মাথায় দুই ব্যাটসম্যানকে হারানোর পর তামিম আর মুশফিক মিলে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন। তামিম ১২ চার আর দুই ছয় হাঁকিয়ে অপরাজিত রয়েছেন ১০২ রানে। অপর প্রান্তে ব্যাটে ছোট ঝড় তোলা মুশফিকুর রহিম খেলছেন দায়িত্ব নিয়ে।

ব্যাটিং ক্রিজে ৪৩ বলে ৫১ রান করে অপরাজিত আছেন মুশফিক।

৩৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮১ রান। তামিম এবং মুশফিক ১১৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন।

এর আগে পাকিস্তান বধে বাংলাদেশের ইনিংস শুরু করতে ব্যাট হাতে আসেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। পাকিস্তান পেসার জুনায়েদ খানের প্রথম ওভার থেকে টাইগারদের দুই ওপেনার দুই রান নিয়ে ইনিংস শুরু করেন।

১৪২ ওয়ানডে ম্যাচ খেলা বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল বেশ সতর্ক থেকেই ব্যাট চালান। আর তাকে সঙ্গ দিয়ে ওপেনিং জুটিতে ৪৮ রান তুলতে সহায়তা করেন ৮টি ওয়ানডে ম্যাচ খেলা সৌম্য সরকার।

১৪তম ওভারের দ্বিতীয় বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। আউট হওয়ার আগে ৩৬ বলে তিনটি চার হাঁকিয়ে ২০ রান করেন সৌম্য।

সৌম্যর বিদায়ের পর ব্যাটিং ক্রিজে আসেন মাহামুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের চমক জাগানো মাহামুদুল্লাহ নিজের নামের প্রতি সুবিচার করতে না পেরে ৫ রান করে রাহাত আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

পাওয়ার প্লে’তে টাইগাররা কোনো উইকেট না হারিয়ে তোলে ৪৪ রান। ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ৬৭ রান। ৩০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে ১৪০ রান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.