Sylhet Today 24 PRINT

বাঁচা-মরার লড়াইয়ে মাহমুদউল্লাহর ব্যাটে শেষ চারে খুলনা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৬

বিপিএলের আজকের (৪ ডিসেম্বর) বাঁচা-মরার লড়াইয়ে দারুণভাবে জ্বলে উঠেছেন মাহমুদউল্লাহ। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ২৮ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ছয় উইকেটের জয়। দাপুটে এই জয় দিয়ে শুধু বিপিএলের পরবর্তী রাউন্ডও নিশ্চিতই শুধু নয় তার দল খুলনা টাইটানস উঠে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

অথচ গ্রুপ পর্বের ঢাকার বিপক্ষে এই শেষ ম্যাচ হারলেই বিদায় নিতে হতো খুলনাকে। জয়ের জন্য তাই মরিয়া হয়েই মাঠে নেমেছিল মাহমুদউল্লাহর দল। মাহমুদউল্লাহর ৫০ রানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নিয়েছে খুলনা। আর সেই লড়াইয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি খুলনার। দ্বিতীয় ওভারেই হারিয়েছিল ওপেনার আন্দ্রে ফ্লেচারের উইকেট। তবে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন আরেক ওপেনার হাসানুজ্জামান ও আবদুল মজিদ। নবম ওভারে হাসানুজ্জামান ফিরে যান ১৯ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে। এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। ২৮ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নিশ্চিত করে ফেলেন দলের জয়। ১৮তম ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহ যখন আউট হয়েছেন, তখন জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল মাত্র ৮ রান। সেটুকু নির্বিঘ্নেই সংগ্রহ করে ফেলেছেন বেনি হাওয়েল ও নিকোলাস পোরান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার ৫৯, মোসাদ্দেক হোসেন সৈকতের ২০, মেহেদী মারুফের ১৬ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৫৭ রান জমা করেছিল ঢাকা ডায়নামাইটস।

আজকের এই জয়ের ফলে খুলনা চলে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। শীর্ষস্থানের দখল আগে থেকেই ছিল ঢাকার কাছে। শেষ চারের বাকি দুটি দল চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। ১২ ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ ১২ পয়েন্ট। পঞ্চম স্থানে থাকা রংপুর রাইডার্সের ঘরেও জমা হয়েছে ১২ পয়েন্ট। তবে রানরেটে পিছিয়ে থাকায় ছিটকে যেতে হলো রংপুরকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.