Sylhet Today 24 PRINT

পাকিস্তান দলে আদিলের বদলে গুল

সিলেটুডে স্পোর্টস ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৫

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সাথে নাস্তানাবুদ হওয়া পাকিস্তানের জন্য  আরো একটি খারাপ খবর। চোটের কারণে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে তাদের ডানহাতি পেসার এহসান আদিলের।

প্রথম ওয়ানডেতে একাদশের বাইরে থাকা আদিলের পরিবর্তে অভিজ্ঞ পেসার উমর গুলকে দলে নিয়েছেন পাকিস্তানের নির্বাচকরা। সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য গুলকে দলে নেওয়ার বিষয়টি পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে শনিবার জানায়।
 
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন আদিল। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের পাকিস্তান দলে থাকা গুল সদ্য গোড়ালির গাঁটের চোট কাটিয়ে ফিরেছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি রোববার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ।  গত শুক্রবার প্রথম ম্যাচে ৭৯ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।  সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মিরপুরে হবে আগামী বুধবার।  
 
এর আগে চোটের কারণে সিরিজ শেষ হয়ে যায় পেসার সোহেল খান ও লেগস্পিনার ইয়াসির শাহর। সোহেলের জায়গায় দলে আসেন বাঁহাতি পেসার জুনায়েদ খান। আর ইয়াসিরের জায়গায় নেয়া হয় বাঁহাতি স্পিনার জুলফিকার বাবরকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.