সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ১৯ এপ্রিল, ২০১৫
দলীয় ৩৭ রানে পাকিস্তানের দুই টপঅর্ডার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন রুবেল আর সানি। এরপর বেশ সতর্ক থেকেই টাইগার বোলারদের সামলে খেলছিল সফরকারিরা। ব্যাটিং ক্রিজের এক প্রান্ত আগলে রাখেন পাক দলপতি আজহার আলি। তবে, ৩৮ রান করা আজহারকে মুশফিকের ক্যাচ বানিয়ে বিদায় করেন সাকিব আল হাসান।
১৫.৩ ওভারে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে তুলেছে ৫৮ রান।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ইতোমধ্যেই ১-০ তে এগিয়ে রয়েছে লাল-সবুজের বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে পাকিস্তান অধিনায়ক আজহার আলি আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংসের সূচনা করতে আসেন টাইগার দলপতি মাশরাফি। আর পাকিস্তানের হয়ে ব্যাটিং শুরু করতে ক্রিজে আসেন আজহার আলি এবং সরফরাজ আহমেদ। ইনিংসের প্রথম বলটি ‘নো-বল’ দিয়ে শুরু করেন মাশরাফি। প্রথম ওভার থেকে পাকিস্তানি ওপেনাররা তোলেন ৬ রান। দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদ কোনো রান তুলতেই দেয়নি পাকিস্তানি ওপেনারদের।
মাশরাফি বিন মর্তুজার আস্থার প্রতিদান দিয়ে নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন রুবেল হোসেন। তার প্রথম বলেই স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের অসাধারণ এক ক্যাচে সাজঘরে ফেরেন সরফরাজ আহমেদ। আউট হওয়ার আগে তিনি মাত্র ৭ রান করেন।
আর নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে বোল্ড করে মোহাম্মদ হাফিজকে সাজঘরে ফেরান আরাফাত সানি। দ্বিতীয় ওয়ানডেতেও ব্যর্থ হাফিজ কোনো রান করতে পারেন নি। হাফিজের বিদায়ে দলীয় নবম ওভারে আর দলীয় ৩৭ রানের মাথায় পাকিস্তানের টপঅর্ডারের দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।
পাওয়ার প্লে’র দশ ওভার খেলে পাকিস্তান দুই উইকেট হারিয়ে তোলে ৩৭ রান।