সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ১৯ এপ্রিল, ২০১৫
৩৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৫৪ রান। সাদ নাসিম ৪৯ ও ওয়াহাব রিয়াজ শূন্য রানে ব্যাট করছেন।
অষ্টম ওভারে সরফরাজ আহমেদকে আউট করে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন রুবেল হোসেন। এই পেসারের বলে স্লিপে সৌম্য সরকারের চমৎকার ক্যাচে পরিণত হন সরফরাজ (৭)।
পরের ওভারেই মোহাম্মদ হাফিজকে (শূন্য) বোল্ড করেন আরাফাত সানি।
ষোড়শ ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম ওভারেই আঘাত হানেন তিনি। তার বলে রিভার্স সুইপ করতে গিয়ে মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচে পরিণত হন আজহার আলি (৩৬)।
পরের ওভারে ফাওয়াদ আলমকে (শূন্য) বোল্ড করে পাকিস্তানকে বিপদে ফেলেন নাসির হোসেন।
২২তম ওভারে আবার আঘাত হানেন সাকিব। এবার মোহম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
৩৯তম ওভারে ফিরতি ক্যাচ নিয়ে হারিস সোহেলকে (৪৪) আউট করে পাকিস্তানের প্রতিরোধ ভাঙেন মাশরাফি। ষষ্ঠ উইকেটে সাদ নাসিমের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েছিলেন হারিস।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান।
এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাদ পড়েছেন আবুল হাসান। অপরিবর্তিত রয়েছে পাকিস্তান দল।
গত শুক্রবার প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।