Sylhet Today 24 PRINT

মিরপুরে বইছে তামিম ঝড়, দিশেহারা পাকিস্তান

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৫

মিরপুরের উপর দিয়ে বয়ে চলছে তামিম ঝড়। যে ঝড়ে দিশাহারা অবস্থা পাকিস্তানের। ফর্মে ফেরা তামিম যে কী ভয়ঙ্কর তা আজ আবার প্রত্যক্ষ করছে মিরপুরে জড়ো হওয়া দর্শকরা।

দলীয় ২২ রানে সৌম্য সরকার বিদায় নিলে ক্রিজে আসেন মাহামুদুল্লাহ রিয়াদ। সাঈদ আজমলের বলে বোল্ড হয়ে মাহমুদুল্লাহও ফিরে যান। তবে এখনো অবিচল তামিম। বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানি বোলাররা কোনো সুযোগই করতে পারছে না।

তামিম ৪৬ বলে ৬০ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান মুশফিক। আগের ম্যাচেই তামিমের সাথে মিলে তিনি বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড করেন। ১৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১০০ রান।

দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ছুড়ে দেওয়া ২৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে আগের ম্যাচে শতক হাঁকানো টাইগার ওপেনার তামিম ইকবাল এবং ওপেনিংয়ে নিজেকে প্রমানের অপেক্ষায় থাকা সৌম্য সরকার। তবে, ইনিংসের তৃতীয় ওভারে জুনায়েদ খানের বলে পরপর তিনটি চার মারা সৌম্য পঞ্চম বলে উইকেটের পিছনে সরফরাজের তালুবন্দি হন। আউট হওয়ার আগে তিনি ১১ বলে ১৭ রান (৪টি চার) করেন।

এর আগে ইনিংসের শুরুতে পাকিস্তানের টপঅর্ডার ভেঙে চুরমার করে দিলেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে সফরকারীরা ৬ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করে। শেষ ৫ ওভারে ৪৯ রান তোলেন সাদ-রিয়াজ জুটি। এর আগে দলীয় ৭৭ রানের মধ্যে পাকিস্তানের পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাটিং নেওয়া পাকিস্তানের হয়ে তরুণ উঠতি তারকা সাদ নাসিম ইনিংস ও ক্যারিয়ার সর্বোচ্চ ৭৭ রান (৯৬ বলে) করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৬টি চারের পাশাপাশি ছিল একটি ছয়। শেষ দিকে নেমে ওয়াহাব রিয়াজ অপরাজিত ৫১ রানের একটি ইনিংস খেলেন। ৪০ বলে রিয়াজ ৫টি চারের পাশাপাশি দুটি ছক্কা হাঁকান। এ দু’জন মিলে ৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

এছাড়া পাক দলপতি আজহার আলি ওপেনিংয়ে নেমে ৩৬ রান করেন। আর চার নম্বরে নামা হারিস সোহেল করেন ৪৪ রান।

টাইগারদের হয়ে সাকিব দুটি আর মাশরাফি, সানি, রুবেল, নাসির একটি করে উইকেট তুলে নেন।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.