Sylhet Today 24 PRINT

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন মেসি!

স্পোর্টস ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৬

ছোটবেলা থেকেই লিওনেল মেসির সাথে পরিচয় আন্তোনেল্লা রোকুজ্জোর। ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় আসার আগ পর্যন্ত দুজন বড় হয়েছেন একই সঙ্গে। একসময় প্রেমেও পড়েছেন। প্রেমের বয়সও প্রায় দশ বছর হতে চলল। দীর্ঘ সময় বাস করছেন একই ছাদের নিচে। দু'জনে বাবা-মা হয়েছেন দুই সন্তানের। কিন্তু বিয়েটা এখনো করা হয়ে ওঠেনি তাদের।

তবে এবার সম্ভবত সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। মেসি-রোকুজ্জো এবার প্রচলিত রীতিতেই বিয়ে করবেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার সাংবাদিক হুয়ান পাবলো ভারস্কি।

ভারস্কি তার এক রেডিও অনুষ্ঠানে বুধবার জানান, বিয়েটা আগামী বছরই সেরে ফেলবেন আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা। তবে দিন তারিখের ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

ভারস্কি বলেন, ভাগ্যবশত আমি জানতে পেরেছি ব্যাপারটা। আগামী বছর আর্জেন্টিনা একটা বড় পার্টি দেখতে যাচ্ছে। মেসি বিয়ে করবেন!

মেসি ও রোকুজ্জোর বড় ছেলে থিয়াগোর বয়স এখন চার বছর। ছোট ছেলে মাতেওর বয়স ১৫ মাস। বাবার সুবাদে তারাও অনেকটা আন্তর্জাতিক তারকা। এবারে বাবা-মায়ের বিয়েটা দেখারও অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে তারা। যেমন ডিয়েগো ম্যারাডোনার দুই মেয়ে দেখেছিলেন তাদের বাবা-মায়ের বিয়ে।

অবশ্য বিয়ের ব্যাপারে মেসি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য মেলেনি এখনো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.