Sylhet Today 24 PRINT

এবার সাইফদের সামনে উড়ে গেল সিঙ্গাপুর

স্পোর্টস ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সিঙ্গাপুর। পেসার আব্দুল হালিম, নাঈমরা প্রতিপক্ষকে মাত্র ৭০ রানে গুঁড়িয়ে দলকে সহজ জয় এনে দিয়েছেন। ফলে টানা দুই জয়ে সেমিতে পা রাখল সাইফ হাসানের দল।

সিঙ্গাপুরের দেয়া ৭১ রানের সহজ লক্ষ্যটা তিন উইকেট হারিয়ে মাত্র ৫ ওভারেই টপকে গেছেন সাইফ হাসানরা। ওয়ানডে ম্যাচে অনেকটা টি-টোয়েন্টির মেজাজে ব্যাট চালান অধিনায়ক সাইফ হাসান ও আফিফ হোসেন। দু’জনের ওপেনিং জুটিতে প্রথম দুই ওভারে আসে ৩৯ রান। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো সাইফ ফেরেন ১১ বলে ৩৩ করে।

সমান ৬ রান করে আউট হন আফিফ ও রায়ান রাফসান রহমান। মোহাম্মদ সজিব হোসেন ৭ ও মোহাম্মদ রাকিব ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সিঙ্গাপুরের পেসার আনশ ভারগাভা দু’টি ও বাকি উইকেটটি নেন অফস্পিনার রোহান রঙ্গরাজন।

এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা সিঙ্গাপুর হালিম-নাঈমদের বোলিং তোপের মুখেই পড়ে। ২৫.৫ ওভারে মাত্র ৭০ রানে সবকটি উইকেট হারায় তারা। সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার রোহান রঙ্গরাজন। আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।

রোববার (১৮ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.