Sylhet Today 24 PRINT

থান্ডারের কাছে হারল মুশফিকরা

স্পোর্টস ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৬

প্রথম প্রস্তুতি ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও খেলেননি দলের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচ খেললেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি, মাহমুদুল্লাহ তাসকিনও। সিক্সারকে হারালেও তাই অনেকটা খর্ব শক্তি নিয়ে সিডনির আরেক দল থান্ডারের বিপক্ষে জিততে পারল না বিসিবি একাদশ নাম নিয়ে খেলা বাংলাদেশ।

থান্ডারের কাছে হেরে যাওয়া ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম, মূলত ব্যাটিং ব্যর্থতায় এই ম্যাচ জয় বঞ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমে ব্যাট করে তোলা ১২১ রানের ছোট পুঁজি নিয়েও লড়াই করেছিলেন রুবেল হোসেন, শুভাশীষ রায়রা, কিন্তু দলের হার এড়াতে পারেননি। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের চ্যাম্পিয়নরা।

আরেক পেসার মোহাম্মদ শহীদের চোটে সুযোগ মেলা রুবেল হোসেন ফিরেছেন স্বরূপে। সিডনি থান্ডারের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলিংকে নেতৃত্ব দিয়েছেন তিনিই।

স্পটলেস স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচে পেসারদের গতি-বাউন্স ভুগিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের, স্পিনেও সাবলীল ছিলেন না তারা। পারেননি পরিস্থিতি অনুযায়ী খেলতেও। নুরুল হাসান, শুভাগত হোম চৌধুরীর লড়াইয়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে করে ১২১ রান। জবাবে ওয়েন মর্গ্যানের অধিনায়কোচিত ইনিংসে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় থান্ডার।

প্যাট কামিন্সের করা প্রথম ওভারেই ফিরেন ইমরুল কায়েস। ফ্লিক করে চমৎকার এক চার হাঁকানোর পর লেগ স্টাম্পের বাইরের বলে এই বাঁহাতি ব্যাটসম্যান ক্যাচ দেন উইকেটকিপারকে। পরের ওভারে মিডঅনে ক্যাচ দিয়ে ফিরে যান সৌম্য সরকার।

দুই উদ্বোধনী ব্যাটসম্যানের মতো বাজে শটে ফিরেন সাব্বির রহমান ও মুশফিকুর রহিম। ফাওয়াদ আহমেদকে পরপর দুটি চার হাঁকানো মোসাদ্দেক হোসেনও পারেননি নিজের ইনিংস বড় করতে। অর্জুন নায়ারের ওপর চড়াও হতে গিয়ে হন বোল্ড। দুই অঙ্কে যেতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।

ব্যাটসম্যাদের ব্যর্থতায় এক সময়ে একশ’ রানকেই মনে হচ্ছিল অনেক দূরের পথ। সেখান থেকে দলের সংগ্রহ ১২০ পার করার কৃতিত্ব শুভাগত-নুরুল-তানভীরের। শুভাগতর (২৫) সঙ্গে প্রতিরোধ গড়ার পর তানভীরকে নিয়ে দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন নুরুল (৩৫)।

জে লেন্টনকে ফিরিয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রুবেল। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান রায়ান গিবসনও তার শিকার।

লেগ স্পিনার তানভীরের বলে জেইক ডোরানের ক্যাচ তালুবন্দি করেন সাব্বির। শুভাশীষের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন এইডেন ব্লিজার্ড। তবে মর্গ্যান ও অর্জুন নায়ারের ব্যাটে সহজ জয়ই পায় থান্ডার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.