Sylhet Today 24 PRINT

মোস্তাফিজ ও সাকিবকে ধরে রাখলো আইপিএল

স্পোর্টস ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৬

আগামী বছরের এপ্রিলে বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর। সেই আসরকে সামনে রেখে দলের খেলোয়াড়দের প্রতি আগ্রহী না হলে তাদেরকে বাদ দেয়ার জন্য ফ্রাঞ্চাইজিদের সময় বেঁধে দেয়া হয়েছিল। সময়সীমা শেষে ফ্রাঞ্চাইজিরা ৪০ জন খেলোয়াড়কে ছেড়ে দিলেও বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে রেখে দিয়েছে তাদের আগের দল।

গত মৌসুমে প্রথমবারের মতো আইপিএলে মাঠে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতান বাংলাদেশের 'কাটার মাস্টার' মোস্তাফিজ। প্রতিযোগিতায় ১৭ উইকেট নিয়ে নিজে পান উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়া ফিজকে তাই ছাড়েনি সানরাইজার্স। বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স স্থানীয় খেলোয়াড় আশিষ রেড্ডি ও টি সুমনকে ছেড়ে দিয়েছে। আরও বাদ পড়েছেন ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগ্যান।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুবার শিরোপা জয় করা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগামী আসরের জন্যও ধরে রেখেছে কেকেআর। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার, জন হ্যাস্টিংস, কলিন মুনরো ও মরনে মরকেলকে দল থেকে বাদ দিয়েছে শাহরুখ খানের দল।

মার্চের শেষ সপ্তাহে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ শেষ হবে। এর এক সপ্তাহ পরেই শুরু হবে জমজমাট আইপিএলের দশম আসর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.