Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করছে কুলাউড়ার ‘রবিরবাজার ফুটবল একাডেমী’

বিকেএসপি তৃণমূল অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট

কুলাউড়া প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র ব্যবস্থাপনায় ১০টি দলের অংশ গ্রহণে বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ১৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সিলেট বিভাগের একমাত্র দল হিসেবে প্রতিনিধিত্ব করবে মৌলভীবাজারের কুলাউড়ার ‘রবিরবাজার ফুটবল একাডেমী’।

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ১৬ ডিসেম্বর শুক্রবার রাতে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন রবিরবাজার ফুটবল একাডেমীর ১৫ জন কিশোর ফুটবলারসহ ২০ সদস্যের একটি দল।

জানা যায়, তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল থেকে প্রতিভাবান কিশোর ফুটবলার বাছাই করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথমবারের মত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের ৮টি বিভাগসহ বিকেএসপির ২টি দল অংশ নিচ্ছে। রোববার ১৮ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচে খুলনা বিভাগের এস বি আলী ফুটবল একাডেমীর মুখোমুখি হবে সিলেট বিভাগের রবিরবাজার ফুটবল একাডেমী। টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে ‘ক’ গ্রুপে চারটি ম্যাচ খেলবে রবিরবাজার ফুটবল একাডেমী দল। ‘ক’ গ্রুপে প্রতিদ্বন্দ্বীকারী দলগুলো হলো বিকেএসপি (তৃণমূল), রবিরবাজার ফুটবল একাডেমী সিলেট বিভাগ, নয়াপুকুর সাজানো বাগান ফুটবল একাডেমী রংপুর বিভাগ, মেহেরুন্নেছা ফুটবল একাডেমী বরিশাল বিভাগ ও এস বি আলী ফুটবল একাডেমী খুলনা বিভাগ।

রবিরবাজার ফুটবল একাডেমীর পরিচালক ও প্রশিক্ষক শাহিদুল ইসলাম জানান, তৃণমূল কাপ অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার তৃণমূল পর্যায়ের ৭৫ জন কিশোর ফুটবলার থেকে প্রাথমিকভাবে ২০ জনকে বাছাই করা হয়। পরে বাছাইকৃত ফুটবলারকে দু’সপ্তাহের বেশি সময় ধরে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে এই ২০ জনের মধ্যে ১৫ জনকে টুর্নামেন্টর মূল দলে রাখা হয়।

রবিরবাজার ফুটবল একাডেমীর আরেক প্রশিক্ষক তাজুল ইসলাম সাইকুল জানান, টুর্নামেন্ট অংশগ্রহণের জন্য বাছাইকৃত কিশোর ফুটবলাররা অনেক প্রতিভাবান ও পরিশ্রমী। তারা যদি তাদের সাধ্যমত খেলতে পারেন তাহলে টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.