অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৬
পোশাকের দোকানে পন্য প্রদশর্নের কাজে ব্যবহৃত ম্যানিকিন সবারই চেনা। সেই ম্যানিকের মত ঠায় দাঁড়িয়ে থাকার ভিডিও করার ট্রেন্ড সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে। তাতে যোগ দিয়েছে নিউ জিল্যান্ড সফররত বাংলাদেশের ক্রিকেটাররাও।
ম্যানিকিন চ্যালেঞ্জ হলো হঠাৎ করে সবাই ঠায় দাঁড়িয়ে যাবেন। শরীরে তো বটেই, অভিব্যক্তিতেও কোনো নড়ন-চড়ন থাকবে না। চেষ্টা থাকে চোখের পাতাও যেন না নড়ে। সেটির ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েও দেওয়া হয়, ব্যাকগ্রাউন্ডে কোনো গান দিয়ে। অক্টোবরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের জ্যাকসনভিল হাই স্কুলের কয়েকজন ছাত্র-ছাত্রী এই ‘ম্যানিকিন-চ্যালেঞ্জ’ শুরু করেন। তারপর থেকে ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে।
তাসমান সাগরের পাড়ে করা এক ভিডিওতে দেখা গেল বাংলাদেশের ক্রিকেটারদের বিচিত্র ভঙ্গিতে। মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করেছেন তাতে দেখা গেছে তাসকিন আহমেদ থুতনিতে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে দাঁড়িয়ে। মেহেদী হাসান মিরাজ তাঁর চিরচেনা হাস্যোজ্বল ভঙ্গিতে। পেছনে রুবেল হোসেনের ভঙ্গি অবশ্য পুরো ‘সিরিয়াস’, অধিনায়ক মাশরাফি আবার চমশা পরা ভারিক্কি কোন অধ্যাপক। মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শুভাগত সবারই রয়েছে ঠায় দাঁড়িয়ে থাকার আলাদা ভঙ্গি।
মুশফিকের পেজে ভিডিওটি পোস্টের পর তা ব্যাপকভাবে সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়েছে। ২৬ ডিসেম্বর ক্রাইশ্চচার্চে প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ যে বেশ ফুরফুরে মেজাজেই এই ভিডিও দেখলেই বোঝা যায়।
ভিডিও দেখুন এখানে