Sylhet Today 24 PRINT

প্রথম সেঞ্চুরিটিকে তৃতীয় শতকে রূপান্তর করুণ নায়ারের

সর্বকালের সর্বোচ্চ রানের চূড়ায় ভারত

ক্রীড়া প্রতিবেদক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা ওপেনার লোকেশ রাহুলের আক্ষেপটা আরো বেড়ে গেল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে রাহুলের অতৃপ্তির পুনরাবৃত্তি করেননি করুন নায়ার। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে প্রথম সেঞ্চুরিটিকে তৃতীয় শতকে রূপান্তরিত করেন করুণ নায়ার।

আর করুণ নায়ারের এই অনন্য কৃতিত্তে ভারত তার ইতিহাসে সর্বকালের সর্বকালের সর্বোচ্চ রানের চূড়ায় বসেছে। চেন্নাই টেস্টের আগে ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের সংগ্রহ ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৯ সালের মুম্বাই টেস্টে। তখন ভারতের সংগ্রহ ছিলো ৭২৬/৯। দীর্ঘ ৭ বছর পর ভারত তার নিজের সর্বোচ্চ রানকে টপকে গড়েছে নতুন রেকর্ড।

আর ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম সেঞ্চুরিটিকে তৃতীয় শতকে রূপান্তরিত করেছেন করুণ। টেস্ট ক্রিকেটে এই কীর্তির অধিকারী এতদিন ছিলেন মাত্র দুইজন- ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স (৩৬৫*) ও অস্ট্রেলিয়ার ববি সিম্পসন (৩১১) তাদের পাশে এখন নাম লিখলেন করুণ নায়ের। শুধু তাই নয়, ভারতে বিরেন্দর শেবাগের পরে ট্রিপল সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটসম্যানও তিনি।

২৫ বছর বয়সী নায়ার সোমবার (১৯ ডিসেম্বর) ৭১ রানে খেলতে নেমে সকালের সেশনেই তিন অঙ্কের ঘরে পৌঁছান। ১৮৫ বলে ৮ চার ও ১ ছয়ে সেঞ্চুরি করেন তিনি। এরপর ব্যাট চালিয়ে গেছেন আরও অনায়াসে। চা বিরতির কিছুক্ষণ পর আরও ১২১ বল খেলে পেয়ে যান পরের শতক। ৩০৬ বলে ২৩ চার ও ১ ছয়ে ২০০ করেন নায়ার। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ১৮১ রানের জুটি গড়ে ভারতকে ৬০০’র উপর রান এনে দেন তিনি। পরে রবীন্দ্র জাদেজাকে নিয়ে ১৩৮ রানের জুটি গড়ে টেস্টে ভারতকে সর্বোচ্চ সংগ্রহে পৌঁছে দেন নায়ার। স্বাচ্ছন্দ্যে ২২ গজে খেলতে থাকা এ ব্যাটসম্যান প্রতি সেশনে নিজেকে ছাড়িয়ে গেছেন। মাত্র ৩৮১ বলে করেছেন ট্রিপল সেঞ্চুরি। আদিল রশিদকে ৩২তম বাউন্ডারি মেরে গড়েন অনন্য এ রেকর্ড। প্রথম ভারতীয় ও টেস্ট ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক সেঞ্চুরিটাকে ট্রিপল সেঞ্চুরি বানালেন নায়ার।

এর আগে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরিকে সর্বোচ্চ রানে নেওয়ার ভারতীয় রেকর্ড গড়েন নায়ার। এতদিন পর্যন্ত যে রেকর্ডটা ছিল বিনোদ কাম্বলির। ১৯৯২-৯৩ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সেঞ্চুরিকে ২২৪ রানে পরিণত করেছিলেন কাম্বলি। তাকে এবার নায়ারের পেছনে পড়তে হলো।

চেন্নাইয়ে রেকর্ডময় ম্যাচ। অথচ চলমান সিরিজের তৃতীয় টেস্টে অনুজ্জ্বল অভিষেক হয় নায়ারের। মাত্র ৪ রানে রান আউট হতে হয় তাকে। চতুর্থ টেস্টও ভালো যায়নি। মঈন আলির কাছে এলবিডব্লিউ হওয়ার আগে ১৩ রান আসে তার ব্যাটে। ওই দুই ব্যর্থতা এবার তৃতীয় ম্যাচেই ঢেকে দিলেন এ ডানহাতি ব্যাটসম্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.